
দেশে ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার পর পাওয়া যায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। তবে নতুন ভোটার হতে হলে অনলাইনে আবেদন করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে এবং সম্পন্ন করতে হবে বায়োমেট্রিক নিবন্ধন।
জন্মনিবন্ধন সনদ, বাবা-মায়ের এনআইডি, নাগরিকত্ব সনদসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি প্রয়োজন হয় নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে। তাই আবেদন করার আগে জেনে নিন, কীভাবে নতুন ভোটার হবেন, কোথায় আবেদন জমা দেবেন এবং কোন কোন কাগজপত্র লাগবে।
নতুন এনআইডি করতে যেসব কাগজপত্র লাগবে
নতুন ভোটার নিবন্ধনের জন্য সাধারণত যেসব কাগজপত্র প্রয়োজন হয়, সেগুলো হলো-
১. জন্মনিবন্ধন সনদ: অনলাইন ও ডিজিটাল পদ্ধতিতে নিবন্ধিত জন্মনিবন্ধন সনদের কপি।
২. শিক্ষাগত যোগ্যতার সনদ: পিএসসি, জেএসসি, এসএসসি অথবা সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি।
৩. বাবা-মায়ের এনআইডি: বাবা ও মায়ের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। বাবা-মায়ের কেউ মারা গেলে তাদের এনআইডি নম্বর বা পুরোনো কার্ডের কপি থাকলে তা জমা দিতে হবে।
৪. নাগরিকত্ব সনদ: ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র অথবা সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের দেওয়া নাগরিকত্ব সনদ।
৫. ঠিকানার প্রমাণ: বিদ্যুৎ, গ্যাস বা পানির বিলের কপি অথবা হোল্ডিং ট্যাক্স পরিশোধের রসিদ।
৬. রক্তের গ্রুপের প্রতিবেদন: নির্ভরযোগ্য পরীক্ষাগার থেকে করা রক্তের গ্রুপ পরীক্ষার রিপোর্ট।
৭. বিবাহিতদের জন্য: স্বামী বা স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি এবং নিকাহনামা বা কাবিননামার অনুলিপি।
নতুন ভোটার হওয়ার আবেদন করবেন যেভাবে
নতুন ভোটার হওয়ার আবেদনপ্রক্রিয়া শুরু করতে হবে নির্বাচন কমিশনের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে। এরপর প্রয়োজনীয় কাগজপত্র জমা ও বায়োমেট্রিক তথ্য প্রদানের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
প্রথম ধাপ: অনলাইনে আবেদন
প্রথমে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনসংক্রান্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে নতুন ভোটার নিবন্ধনের আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনকারীর নাম, জন্মতারিখ, বাবা-মায়ের পরিচয় এবং ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে দিতে হবে।
দ্বিতীয় ধাপ: আবেদন ফরম প্রিন্ট
অনলাইনে আবেদন সম্পন্ন হলে ফরমটি ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে। এরপর ফরমে দেওয়া তথ্য যাচাই করে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।
তৃতীয় ধাপ: নির্বাচন অফিসে কাগজপত্র জমা
আবেদন ফরমের প্রিন্ট কপি এবং প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি ও ফটোকপি নিয়ে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে যেতে হবে। সেখানে আবেদনকারীর দেওয়া তথ্য ও নথিপত্র যাচাই করা হবে।
চতুর্থ ধাপ: ছবি ও বায়োমেট্রিক তথ্য প্রদান
নিবন্ধন কার্যক্রমের অংশ হিসেবে নির্বাচন অফিসে আবেদনকারীর ছবি তোলা হবে। একই সঙ্গে নেওয়া হবে দুই হাতের ১০ আঙুলের ছাপ, চোখের আইরিশের প্রতিচ্ছবি এবং ডিজিটাল স্বাক্ষর।
সব তথ্য ও কাগজপত্র যাচাই এবং নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হলে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোটার হিসেবে নিবন্ধিত হবেন আবেদনকারী। পরবর্তী সময়ে পাওয়া যাবে এনআইডি নম্বর ও জাতীয় পরিচয়পত্র।
আবেদন করার আগে যেসব বিষয়ে সতর্ক থাকবেন
নতুন ভোটার হওয়ার আবেদন করার আগে জন্মনিবন্ধন, শিক্ষাগত সনদ এবং বাবা-মায়ের এনআইডিতে থাকা নাম ও জন্মতারিখের সঙ্গে আবেদনপত্রের তথ্য মিলিয়ে নিতে হবে।
বিশেষ করে নামের বানান, জন্মতারিখ ও স্থায়ী ঠিকানায় কোনো ধরনের অসংগতি রাখা যাবে না। তথ্যের ভুল বা গরমিল থাকলে আবেদন যাচাইয়ের সময় অতিরিক্ত কাগজপত্র কিংবা ব্যাখ্যা চাওয়া হতে পারে।
এ ছাড়া এলাকাভেদে সংশ্লিষ্ট নির্বাচন অফিস থেকে অতিরিক্ত কাগজপত্র চাওয়া হতে পারে। তাই আবেদন শুরুর আগে নিজ এলাকার উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করে প্রয়োজনীয় নথির তালিকা জেনে নেওয়া ভালো।
অনলাইনে কোথায় আবেদন করবেন?
নতুন ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত সেবার জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত ওয়েবসাইট ব্যবহার করতে হবে।
ওয়েবসাইট: https://services.nidw.gov.bd/
প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকেই প্রস্তুত রাখা এবং আবেদনপত্রে সঠিক তথ্য দেওয়া হলে নতুন ভোটার নিবন্ধনের প্রক্রিয়া সহজ হবে।
আরটিভি/এসকে



