
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর। সরকারি আবাসন পরিদপ্তরের আওতাধীন বিভিন্ন এলাকায় খালি থাকা বাসা ও ফ্ল্যাট অনলাইনে বরাদ্দ দেওয়া হবে। এ জন্য আগ্রহী সরকারি চাকরিজীবীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি আবাসন পরিদপ্তর এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন পরিদপ্তরের পরিচালক মো. জহিরুল ইসলাম খান। নির্ধারিত যোগ্যতা ও প্রাধিকার অনুযায়ী বিভিন্ন শ্রেণির বাসা বরাদ্দ দেওয়া হবে।
আগ্রহী কর্মকর্তা-কর্মচারীদের www.bashaonline.com ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের ক্ষেত্রে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী পদমর্যাদা, গ্রেড ও মূল বেতনের তথ্য প্রদান করতে হবে।
কোন গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা কোন বাসা পাবেন
এফ শ্রেণির বাসা: পঞ্চম বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তা, যাদের জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী মূল বেতন কমপক্ষে ৪৬ হাজার ৯৭০ টাকা, তারা এ শ্রেণির বাসার জন্য আবেদন করতে পারবেন। আজিমপুর, ইস্কাটন, ধানমন্ডি ও মিরপুর এলাকায় এ শ্রেণির বাসা রয়েছে।
ই-শ্রেণির বাসা: ষষ্ঠ বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তা, যাদের মূল বেতন কমপক্ষে ৩৫ হাজার ৫০০ টাকা, তারা এ শ্রেণির বাসার জন্য আবেদন করতে পারবেন। শাহজাহানপুর, সোবহানবাগ, মোহাম্মদপুর, মিরপুরের ন্যাম গার্ডেন, মিরপুর সেকশন-৬ ও পাইকপাড়া এলাকায় এসব বাসা রয়েছে। এ ক্ষেত্রে ১০ম গ্রেড বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের ই-শ্রেণির ন্যূনতম প্রাপ্যতার ভিত্তিতে ভাড়া কর্তনের শর্তে আবেদনের সুযোগ রয়েছে।
ডি-১ শ্রেণির বাসা: সপ্তম, অষ্টম ও নবম গ্রেডের কর্মকর্তারা এ শ্রেণির বাসার জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ন্যূনতম মূল বেতন ২২ হাজার টাকা হতে হবে। শাহজাহানপুর ও গ্রিন রোড এলাকায় এ শ্রেণির বাসা রয়েছে।
অস্থায়ী শ্রেণির বাসা: ন্যূনতম নবম গ্রেডের স্থায়ী বা সাবস্ট্যানটিভ পদধারী কর্মকর্তারা পূর্ণ ভাড়ায় ইস্কাটনের সরকারি অফিসার্স হাউজ (জিওএইচ), বেইলি স্কয়ার ও বেইলি ব্যাচেলর হোস্টেলের বিভিন্ন আকারের বাসার জন্য আবেদন করতে পারবেন।
এ ছাড়া ষষ্ঠ বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের জন্য সার্কিট হাউজ রোড এলাকায় পূর্ণ বাসা বরাদ্দের সুযোগ রয়েছে। ১২ থেকে ১৮তম গ্রেডের কর্মচারীদের জন্য গ্রিন রোডে একক আবাসন সুবিধাও রাখা হয়েছে।
পরিত্যক্ত বাসার বরাদ্দ: পরিত্যক্ত এফ শ্রেণির বাসার জন্য পঞ্চম বা তদূর্ধ্ব গ্রেড, ডি শ্রেণির বাসার জন্য ১০ম থেকে ১২তম গ্রেড এবং বি শ্রেণির বাসার জন্য ১৬তম থেকে ১৮তম গ্রেডের কর্মচারীরা আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাসা বরাদ্দের ক্ষেত্রে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুসরণ করতে হবে। কোনো আবেদনকারী জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী তথ্য প্রদান করলে তার আবেদন বাতিল বলে গণ্য হবে।
প্রতিটি বিজ্ঞপ্তির কার্যক্রম শেষ হওয়ার পর পরবর্তী বিজ্ঞপ্তির ফল প্রকাশের আগ পর্যন্ত অনলাইনে প্রাপ্ত জ্যেষ্ঠতার ভিত্তিতে অপেক্ষমাণ তালিকা সংরক্ষণ করা হবে। আগের বিজ্ঞপ্তিতে বাসা বরাদ্দ পেয়েও কোনো কর্মকর্তা দখলভার গ্রহণ না করলে অথবা নতুন বিজ্ঞপ্তিতে অন্য বাসা বরাদ্দ পেয়ে আগের বাসা ছেড়ে দেওয়ার বিষয়ে জানালে, আগের বিজ্ঞপ্তির অপেক্ষমাণ তালিকা থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে বাসাটি বরাদ্দ দেওয়া হবে।
এ ছাড়া কোনো কর্মকর্তা বা কর্মচারী পরপর দুইবার বাসা বরাদ্দ পাওয়ার পরও দখলভার গ্রহণ না করলে পরবর্তী ছয়টি অনলাইন বিজ্ঞপ্তিতে বাসা বরাদ্দের জন্য আবেদন করতে পারবেন না।
অন্যদিকে, প্রথম বিজ্ঞপ্তিতে বাসা বরাদ্দের সুপারিশপ্রাপ্ত কোনো কর্মচারী দ্বিতীয় বিজ্ঞপ্তিতে নতুন করে বাসা বরাদ্দ না পেলে তৃতীয় বিজ্ঞপ্তি প্রকাশের আগে প্রথম বিজ্ঞপ্তিতে পাওয়া বাসার দখল গ্রহণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দখল গ্রহণ না করলে ওই বরাদ্দ বাতিল করা হবে।
সরকারি আবাসন পরিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৩০ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: www.bashaonline.com
আরটিভি/এসকে


