ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একই সঙ্গে বিদেশগামী কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এ তথ্য জানান।

অনুষ্ঠানে প্রথম ফ্লাইটে মালয়েশিয়াগামী ১১২ জন বাংলাদেশি কর্মীকে বিদায় শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, আজকে বাংলাদেশের জন্য অত্যন্ত স্মরণীয় একটি দিন। আজ ১১২ জন যাচ্ছেন। আমরা প্রায় ১০ হাজার মানুষকে বিনা পয়সায় মালয়েশিয়ায় পাঠাতে সক্ষম হচ্ছি। অনেক দিন ধরে এই কার্যক্রম বন্ধ ছিল। মালয়েশিয়া সরকারের সহযোগিতায় আবারও দেশটিতে বাংলাদেশের শ্রমবাজার চালু করা সম্ভব হয়েছে। এ জন্য মালয়েশিয়া সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই।

বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে সরকারপ্রধান বলেন, কর্মীদের আরও দক্ষ করে বিদেশে পাঠাতে পারলে তারা নিজেরা যেমন উপকৃত হবেন, তেমনি দেশেরও লাভ হবে। এ লক্ষ্যে বিভিন্ন দেশে কর্মী পাঠানোর আগে তাদের দক্ষতা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার।

ভাষাগত দক্ষতার প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে কাজ করতে গেলে ভাষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সরকার এ বিষয়ে কাজ শুরু করেছে। আগামী কয়েক মাসের মধ্যে বিভিন্ন দেশে কর্মী পাঠানোর আগে তাদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর কার্যক্রম শুরু করা হবে। ভাষা জানা থাকলে কর্মীদের কাজ করতে অনেক সুবিধা হবে।

মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সুস্থভাবে সেখানে পৌঁছে ভালোভাবে কাজ করবেন। সংশ্লিষ্ট দেশের সংস্কৃতি, ঐতিহ্য, আইন ও নিয়মকানুন মেনে চলবেন। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

তারেক রহমান বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশিদের আচরণের ওপর দেশের ভাবমূর্তি নির্ভর করে। একজন কর্মীর কাজ ও আচরণ দেখে সংশ্লিষ্ট দেশের মানুষ বাংলাদেশকে মূল্যায়ন করবে। কর্মীরা সুনামের সঙ্গে কাজ করলে তাদের দেখে অন্য বাংলাদেশি কর্মীদের নিয়োগ দিতেও বিদেশি প্রতিষ্ঠানগুলো উৎসাহিত হবে।

তিনি বলেন, আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, ওই দেশের আইনকানুন ও ঐতিহ্য মেনে চলবেন এবং সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।

প্রধানমন্ত্রী কর্মীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্থতা কামনা করেন। একই সঙ্গে এ কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান।

পরে রেমিটেন্ট যোদ্ধাদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন, প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান ও ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক, ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক দেবর্ষি মজুমদার, মহাব্যবস্থাপক নভিন্দর মুরুগিয়া, অংশীদার সারাভানাকুমার কানেসান এবং মালয়েশিয়ার সেরাম্বি সুরিয়ার আঞ্চলিক নিয়োগ পরিচালক আবদুল জলিলসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দীর্ঘ আড়াই বছর পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ার পর সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর এ কার্যক্রম শুরু হলো।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি ও নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে কর্মীদের নির্বাচন করা হয়েছে।

নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে মাসিক ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত মূল বেতনে তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে কাজ করবেন। নিয়োগকর্তার পক্ষ থেকে তাদের আবাসন ও চিকিৎসা সুবিধাও দেওয়া হবে। কর্মীদের অভিবাসন সংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করছে নিয়োগকারী প্রতিষ্ঠান।

এ কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন বাংলাদেশি কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।

উল্লেখ্য, চলতি বছরের জুনে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে ২২ জুন পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করা এবং আরও বেশি কর্মী নিয়োগের আহ্বান জানান তিনি। বৈঠকে অভিবাসন ব্যয় কমানোর পাশাপাশি কর্মী নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়ে দুই প্রধানমন্ত্রী একমত হন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত!
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত!
এবার ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত সরকারের
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সরবরাহের অনিশ্চয়তার মধ্যে আগামী জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের জন্য প্রায় ৮ হাজার ১০ কোটি টাকার ডিজেল, ফার্নেস অয়েল ও অকটেন আমদানির অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বুধবার (২৫ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।  জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ব্যয়ে কেনা হবে হাই সালফার ফার্নেস অয়েল (১৮০ সিএসটি)। সিঙ্গাপুরভিত্তিক ট্রাফিগুরা পিটিই লিমিটেডের কাছ থেকে এ তেল কিনতে ব্যয় হবে প্রায় ৩ হাজার ৪৯৩ কোটি ৬১ লাখ টাকা। একই কোম্পানি থেকে দুটি প্যাকেজে ০.০০৫ শতাংশ সালফারযুক্ত গ্যাস অয়েল (ডিজেল) কেনা হবে। এর একটি প্যাকেজে ব্যয় হবে প্রায় ৯৬০ কোটি ৪১ লাখ টাকা, অন্যটিতে ১ হাজার ৪৪৪ কোটি ৯৭ লাখ টাকা। পাশাপাশি ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে প্রায় ২ হাজার ১১১ কোটি ১৪ লাখ টাকায় গ্যাসোলিন ৯৫ আনলেডেড (অকটেন) কেনা হবে। তবে ডিজেল ও জেট এ-১ আমদানির আরও দুটি প্যাকেজের প্রস্তাব বৈঠকে উঠলেও অনুমোদন পায়নি। আরও পর্যালোচনা করে পরে সেগুলো কমিটির বৈঠকে তোলার সিদ্ধান্ত হয়েছে। এদিকে সভায় যুক্তরাষ্ট্র থেকে জিটুজি পদ্ধতিতে ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানির প্রস্তাবও অনুমোদন পেয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের এ প্রস্তাবে ১ হাজার ৯০৮ কোটি ৮০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। প্রতি টন গমের দাম পড়বে ৩৪৭ দশমিক ৭৫ ডলার। ইউএস হুইট অ্যাসোসিয়েটসের ক্ষমতাপ্রাপ্ত প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড এ গম সরবরাহ করবে। পাশাপাশি সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৪০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার টন ব্যাগভর্তি গ্র্যানুলার ইউরিয়া এবং কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের (সিসিসি) কাছ থেকে জি টু জি চুক্তির আওতায় ৪০ হাজার টন এমওপি সার আমদানি করবে সরকার। আরটিভি/এসআর          
এবার ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত সরকারের
বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী
প্রথমবারের মতো সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন কর্মী।
বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী
শনিবার থেকে সব কলকারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর
আগামী শনিবার থেকে দেশের সব কলকারখানা স্বাভাবিকভাবে চালু হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একইসঙ্গে শ্রমিক পরিচয়ে কেউ শিল্পকারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
শনিবার থেকে সব কলকারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর
আগামী ২৯ ডিসেম্বর বিসিক শিল্পমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দেশীয় পণ্যের পরিচিতি বৃদ্ধি, স্থানীয় উদ্যোক্তাদের বাজার সম্প্রসারণ এবং ঐতিহ্যবাহী হস্ত ও কারুশিল্পের বিকাশে আগামী ২৯ থেকে ৩১ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বিসিক শিল্পমেলা।  বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত ‘বিসিক শিল্পমেলা এক জেলা এক পণ্য ২০২৬’ শীর্ষক এই আয়োজন বসবে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। একই আয়োজনে দেওয়া হবে ‘জাতীয় শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার ২০২৬’।    বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তেজগাঁওয়ের বিসিক কার্যালয়ে এক অনুষ্ঠানে মেলার ঘোষণা দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বেনজীর আহমেদ। বিসিক জানায়, মেলায় প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনদিন ব্যাপী মেলায় দেড় থেকে দুই লাখ দর্শনার্থীদের সমাগম ঘটবে বলে আশা আয়োজকদের। ‘দেশ থেকে বিশ্বে’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ মেলায় দেশের ৬৪ জেলার ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় পণ্য প্রদর্শন ও বিক্রির জন্য ৬৪টি স্টল থাকবে। পাশাপাশি ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের পৃথক কর্নার, ঐতিহ্যবাহী খাদ্যপণ্যের প্রদর্শনী এবং হস্ত ও কারুশিল্প তৈরির সরাসরি কার্যক্রম দেখার সুযোগ থাকবে। বিসিক চেয়ারম্যান বলেন, এ আয়োজনকে শুধু একটি শিল্পমেলা বা পুরস্কার প্রদান অনুষ্ঠান হিসেবে দেখতে চায় না বিসিক। বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্প, দেশীয় পণ্য, স্থানীয় উদ্যোক্তা ও কারুশিল্পীদের সম্ভাবনাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার সমন্বিত উদ্যোগ হিসেবে এটিকে বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত ‘এক গ্রাম এক পণ্য’ উদ্যোগ বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে ‘এক জেলা এক পণ্য’ শিল্পমেলার আয়োজন করা হচ্ছে। বাংলাদেশের প্রতিটি জেলার নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি, উৎপাদন সক্ষমতা ও বিশেষায়িত পণ্য রয়েছে। জামদানি, তাঁত, নকশিকাঁথা, মৃৎশিল্প, বাঁশ-বেতের সামগ্রী, পাটজাত পণ্যসহ বিভিন্ন কৃষি ও খাদ্যভিত্তিক পণ্যের অনেকগুলোরই জাতীয় ও আন্তর্জাতিক বাজারে কাঙ্ক্ষিত পরিচিতি তৈরি হয়নি। এক প্রশ্নের জবাবে বেনজীর আহমেদ বলেন, বিসিক জেলাভিত্তিক মেলা করে এবং এখন বিসিকের একটি ক্যালেন্ডারও আছে। প্রতি মাসেও বিসিক ভবনে মেলা হয়। কিন্তু এত বৃহৎ পরিসরে এবং নির্বাচনি ইশতেহারের সঙ্গে অ্যালাইনমেন্ট করে বিসিক এই প্রথম এই মেলার আয়োজন করছে।   তিনি আরও বলেন, পাঁচটি ক্যাটাগরিতে ১২ জনকে জাতীয় শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার ২০২৬ দেওয়া হবে। সেগুলো হলো শ্রেষ্ঠ কারুশিল্পী— কারু রত্ন একটি। দক্ষ কারুশিল্পী— কারু গৌরব পাঁচটি। ক্ষুদ্র ও নৃগোষ্ঠী দক্ষ কারুশিল্পী— কারু কিরণ দুইটি। দক্ষ নারী কারুশিল্পী— কারু জ্যোতি দুইটি। তরুণ দক্ষ কারুশিল্পী— কারু প্রতিভা দুইটি। মোট ১২ জন। অনুষ্ঠানে জানানো হয়, দেশের ঐতিহ্যবাহী হস্ত ও কারুশিল্প সংরক্ষণ, বিকাশ এবং কারুশিল্পীদের সৃজনশীলতা, দক্ষতা ও অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে ‘জাতীয় শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার ২০২৬’ দেওয়া হবে। এ পুরস্কার দেওয়া হবে জাতীয় শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার নীতিমালা, ২০২৬-এর আলোকে। বিসিকের পক্ষ থেকে বলা হয়, মাটির সামগ্রী, নকশিকাঁথা, জামদানি, তাঁত, বাঁশ-বেত, পাটজাত পণ্য, কাঠ ও ধাতুর কারুশিল্পসহ বিভিন্ন ঐতিহ্যবাহী শিল্পের সঙ্গে অসংখ্য কারুশিল্পীর শ্রম ও সৃজনশীলতা জড়িয়ে রয়েছে। তাদের দক্ষতা ও অবদানকে যথাযথ স্বীকৃতি দেওয়ার পাশাপাশি নতুন প্রজন্মকে কারুশিল্পের সঙ্গে সম্পৃক্ত করতে এ পুরস্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এদিকে মেলা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানসংক্রান্ত তথ্য সহজে সবার কাছে পৌঁছে দিতে সংবাদ সম্মেলনে একটি বিশেষ ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। এতে আয়োজনের উদ্দেশ্য, কর্মসূচি, অংশগ্রহণের বিবরণ, বিভিন্ন ঘোষণা ও প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে। মেলায় অংশগ্রহণ করতে উদ্যোক্তাকে কোনো ফি দিতে হবে না বলে জানিয়েছেন বেনজীর আহমেদ। তিনি বলেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ অর্থনীতিকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা। এই জন্য সম্পূর্ণ বিনামূল্যে স্টল পাবেন উদ্যোক্তারা। আরটিভি/এসআর
আগামী ২৯ ডিসেম্বর বিসিক শিল্পমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আরও পড়ুন
বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী
সাইকেল চালিয়ে আলোচনায় এসেছেন যেসব রাষ্ট্রপ্রধান
আগামী ২৯ ডিসেম্বর বিসিক শিল্পমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান প্রধানমন্ত্রীর