ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিসে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ১১:১০ পিএম
প্যারিসে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক। ছবি: সংগৃহীত

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী জঁ-নোয়েল বারো।

শনিবার (২৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্যারিসে অনুষ্ঠিত এ বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, জাতিসংঘে বহুপক্ষীয় সহযোগিতা, রোহিঙ্গা সংকট এবং আন্তর্জাতিক সংঘাত ও মানবিক সংকট মোকাবিলার বিষয়ে আলোচনা হয়।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ঢাকায় অবস্থিত ফরাসি দূতাবাসও তাদের অফিশিয়াল ফেসবুক পেজে বিবৃতিটি প্রকাশ করেছে।

বৈঠকে গণনৃশংসতার ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতার ব্যবহার নিয়ন্ত্রণে ফ্রান্স ও মেক্সিকোর যৌথ উদ্যোগে যুক্ত হওয়ার অঙ্গীকার করেছে বাংলাদেশ। পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদে দুই দেশের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং কার্যকর বহুপক্ষীয় ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

রোহিঙ্গা সংকট নিয়েও বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সিদ্ধান্তের পর দায়মুক্তির বিরুদ্ধে লড়াই এবং অপরাধের জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন দুই মন্ত্রী।

মিয়ানমারে নিপীড়ন ও সহিংসতার শিকার হয়ে পালিয়ে আসা ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। দীর্ঘদিন ধরে এ সংকটের টেকসই সমাধান এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়ে আসছে ঢাকা।

এ ছাড়া বৈঠকে অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা বিনিময় ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন খাতে বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে প্যারিসে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (পলিটিক্যাল) মাহফুজা সুলতানা, কাউন্সেলর ও হেড অব চ্যান্সারি মো. ওয়ালিদ বিন কাশেম এবং প্রথম সচিব শেখ মারেফাত তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

চলতি বছরের ২ জুন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান। তিনি একই সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের
দেশের সড়ক যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তন, পণ্য ও যাত্রী পরিবহনে গতি আনা এবং যানজট নিরসনে পাঁচ বছরে দেশের বিভিন্ন রুটে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। পরিকল্পনায় দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক করিডরকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।  এর মধ্যে রয়েছে ২৩২ কিলোমিটার দীর্ঘ ঢাকা-চট্টগ্রাম সড়ক, ঢাকার রামপুরা থেকে ডেমরা পর্যন্ত ১৩ কিলোমিটার, জয়দেবপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত ৮৫ কিলোমিটার, গাবতলী থেকে নবীনগর পর্যন্ত ২৪ কিলোমিটার ও রংপুর থেকে ভোগড়া পর্যন্ত ২৬০ কিলোমিটার সড়কপথ। এ পরিকল্পনার আওতায় দেশের সব জেলাকে চার লেনের মহাসড়কের মাধ্যমে যুক্ত করে একটি জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তোলা হবে। একই সঙ্গে সমুদ্রবন্দর, অর্থনৈতিক অঞ্চল, সীমান্ত ও এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের সঙ্গে উন্নত সড়ক যোগাযোগ প্রতিষ্ঠার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা নিয়ে প্রণীত অ্যাকশন ম্যাট্রিক্সে এ পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে।  এতে শুধু এক্সপ্রেসওয়ে নির্মাণ নয়, গ্রামীণ সড়ক পাকাকরণ, গুরুত্বপূর্ণ নদীর ওপর নতুন সেতু নির্মাণ, মহাসড়কের সক্ষমতা বৃদ্ধি, নগর পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন, সড়ক দখলমুক্ত করা ও দুর্ঘটনা কমাতে কঠোর নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়নের নেতৃত্বে থাকবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।  এ কাজে সহযোগিতা করবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সেতু বিভাগ, সড়ক ও জনপথ অধিদপ্তর (আরএইচডি), স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।  সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও সংস্থাকেও প্রয়োজন অনুযায়ী যুক্ত করা হবে। কর্মপরিকল্পনা অনুযায়ী, জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তুলতে প্রথম ছয় মাসে প্রায় তিন হাজার কিলোমিটার সম্ভাব্য এক্সপ্রেসওয়ে করিডরের ম্যাপিং করা হবে।  এ ক্ষেত্রে যেসব সড়কে যানবাহনের চাপ বেশি, পণ্য ও যাত্রী পরিবহনের চাহিদা বেশি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে, সেসব রুটকে অগ্রাধিকার দেওয়া হবে। ম্যাপিংয়ের মাধ্যমে সম্ভাব্য করিডর, সংযোগ সড়ক ও গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্রগুলোর মধ্যে যোগাযোগের প্রয়োজনীয়তা নির্ধারণ করা হবে। পরবর্তী এক বছরের মধ্যে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ সম্পন্ন করে যান চলাচলের জন্য উন্মুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।  পাঁচ বছরের কর্মপরিকল্পনায়ও এক্সপ্রেসওয়ে গ্রিড সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।  এ নেটওয়ার্কের মাধ্যমে দেশের সব জেলার মধ্যে চার লেনের মহাসড়কভিত্তিক যোগাযোগ প্রতিষ্ঠার পাশাপাশি সমুদ্রবন্দর, অর্থনৈতিক অঞ্চল, স্থলবন্দর ও সীমান্তবর্তী এলাকার সঙ্গে পণ্য পরিবহন সহজ করার পরিকল্পনা রয়েছে। জানতে চাইলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বাসসকে বলেন, দেশের সড়ক যোগাযোগব্যবস্থাকে আধুনিক, নিরাপদ ও গতিশীল করাই সরকারের অন্যতম অগ্রাধিকার।  তিনি বলেন, আমরা এমন একটি জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তুলতে চাই, যার মাধ্যমে দেশের সব জেলা চার লেনের মহাসড়কের সঙ্গে যুক্ত হবে। এতে শুধু রাজধানীর সঙ্গে যোগাযোগ সহজ হবে না, সমুদ্রবন্দর, স্থলবন্দর, অর্থনৈতিক অঞ্চল ও শিল্পাঞ্চলের সঙ্গেও সড়ক যোগাযোগ আরও শক্তিশালী হবে।  সড়ক মন্ত্রী আরও বলেন, পাঁচ বছরের কর্মপরিকল্পনা অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তবে প্রতিটি প্রকল্পের ক্ষেত্রে অর্থনৈতিক সম্ভাব্যতা, পরিবেশগত প্রভাব ও জনস্বার্থকে গুরুত্ব দেওয়া হবে। সংশ্লিষ্টদের মতে, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের বড় একটি অংশ সড়ক পরিবহনের ওপর নির্ভরশীল। শিল্পকারখানার কাঁচামাল আনা, উৎপাদিত পণ্য বাজারজাত করা, কৃষিপণ্য পরিবহন ও দেশের বিভিন্ন অঞ্চলে যাত্রী চলাচলের ক্ষেত্রে সড়ক যোগাযোগ অত্যন্ত  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  কিন্তু অনেক গুরুত্বপূর্ণ মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ, অপর্যাপ্ত সড়ক সক্ষমতা, বাজার ও জনবসতিতে যানজট এবং বিভিন্ন স্থানে সড়কের দুর্বল সংযোগ পরিবহনব্যবস্থাকে ব্যয়বহুল করে তুলছে। এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তোলা গেলে দীর্ঘপথে দ্রুত ও নিরবচ্ছিন্ন যোগাযোগের সুযোগ তৈরি হবে বলে পরিকল্পনায় প্রত্যাশা করা হয়েছে। জাতীয় সড়ক যোগাযোগের পাশাপাশি গ্রামীণ সড়ক অবকাঠামো উন্নয়নেও গুরুত্ব দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব গ্রামীণ সড়ক পাকা করার পরিকল্পনা রয়েছে সরকারের।  এ লক্ষ্যে প্রথম ছয় মাসে এমন স্থানগুলো চিহ্নিত করা হবে, যেগুলোর সঙ্গে মহাসড়ক, স্থানীয় বাজার ও বাণিজ্যিক কেন্দ্রের যোগাযোগব্যবস্থা দুর্বল। বিশেষ করে কৃষিপণ্য উৎপাদন হয় এমন এলাকা, প্রত্যন্ত জনপদ ও যোগাযোগ সুবিধাবঞ্চিত গ্রামগুলোকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে। এক বছরের মধ্যে অগ্রাধিকারপ্রাপ্ত গ্রামীণ সড়কগুলোতে বড় পরিসরে পাকাকরণ কার্যক্রম শুরু করা হবে।  পাঁচ বছরের মধ্যে গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কগুলোকে অর্থনৈতিক করিডরের সংযোগ সড়ক হিসেবে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।  এর ফলে কৃষকরা উৎপাদিত পণ্য দ্রুত স্থানীয় বাজার ও বড় বাণিজ্যিক কেন্দ্রে নিতে পারবেন। একই সঙ্গে গ্রামীণ জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য প্রয়োজনীয় নাগরিক সুবিধা গ্রহণ সহজ হবে। গ্রামীণ সড়ক উন্নয়নের ক্ষেত্রে শুধু সড়ক পাকা করাই নয়, সড়কের স্থায়িত্ব, পানি নিষ্কাশন, কালভার্ট ও ছোট সেতুর সক্ষমতা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বপূর্ণ। কারণ বর্ষা মৌসুমে অনেক গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরিকল্পনাটি বাস্তবায়নের সময় এসব বিষয় বিবেচনায় নেওয়া হলে গ্রামীণ যোগাযোগব্যবস্থার দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব হবে। অন্যদিকে, অতিরিক্ত ভারী যানবাহনের চাপে মহাসড়কের স্থায়িত্ব কমে যাওয়া ও সড়ক রক্ষণাবেক্ষণ ব্যয় বেড়ে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে অ্যাক্সেল লোড নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।  এ লক্ষ্যে প্রথম ছয় মাসের মধ্যে জাতীয় অ্যাক্সেল লোড নিয়ন্ত্রণ নীতিমালা প্রণয়নের পরিকল্পনা রয়েছে। এক বছরের মধ্যে সারা দেশে অ্যাক্সেল লোড নিয়ন্ত্রণ স্টেশনের সংখ্যা বাড়ানো হবে। পাঁচ বছরের মধ্যে পূর্ণাঙ্গ জাতীয় অ্যাক্সেল লোড নিয়ন্ত্রণ ও প্রয়োগব্যবস্থা কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বাসসকে বলেন, জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড বাস্তবায়নের আগে দেশের গুরুত্বপূর্ণ সড়ক করিডরগুলো চিহ্নিত করা হবে। প্রথম ছয় মাসে প্রায় তিন হাজার কিলোমিটার সম্ভাব্য করিডরের ম্যাপিং করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, যানবাহনের চাপ, পণ্য পরিবহনের চাহিদা, শিল্পাঞ্চলের অবস্থান ও আঞ্চলিক যোগাযোগের প্রয়োজন বিবেচনায় নিয়ে অগ্রাধিকার নির্ধারণ করা হবে। সচিব আরও বলেন, পাঁচ বছরের মধ্যে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের যে লক্ষ্য রয়েছে, তা বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করা হবে। এছাড়া প্রকল্প বাস্তবায়নে অর্থায়ন ও জমি অধিগ্রহণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি। এ ব্যবস্থার আওতায় পণ্যবাহী ট্রাক ও অন্যান্য ভারী যানবাহনের নির্ধারিত ওজনসীমা অতিক্রমের বিষয়টি নজরদারির আওতায় আনা হবে। প্রয়োজনীয় প্রযুক্তি ও মনিটরিং ব্যবস্থা চালুর মাধ্যমে অতিরিক্ত ওজন বহনকারী যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে মহাসড়কের ক্ষয়ক্ষতি কমবে ও সড়কের স্থায়িত্ব বাড়বে বলে আশা করা হচ্ছে। পঞ্চবার্ষিক পরিকল্পনায় দেশের গুরুত্বপূর্ণ নদীগুলোর ওপর নতুন সেতু নির্মাণের বিষয়টিও সরকারের পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনায় বিশেষ গুরুত্ব পেয়েছে। এর মধ্যে দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু, রাজবাড়ী-পাবনা সেতু, মেঘনা-চাঁদপুর সেতু ও ভোলা-বরিশাল সেতু নির্মাণের উদ্যোগ রয়েছে।  প্রথম ছয় মাসের মধ্যে দ্বিতীয় যমুনা সেতু এবং দ্বিতীয় পদ্মা সেতুর (পাটুরিয়া-দৌলতদিয়া) সম্ভাব্যতা যাচাইয়ের জন্য পরামর্শক নিয়োগের পরিকল্পনা করা হয়েছে।  এক বছরের মধ্যে এ দুটি প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। সমীক্ষায় প্রকল্পগুলোর কারিগরি ও অর্থনৈতিক সম্ভাব্যতা, নির্মাণ ব্যয়, পরিবেশগত প্রভাব ও বাস্তবায়নের উপযোগিতা যাচাই করা হবে। পাঁচ বছরের কর্মপরিকল্পনায় এসব গুরুত্বপূর্ণ সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণের বিষয়টিও পরিকল্পনায় অন্তর্ভুক্ত রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে দেশের দক্ষিণ-পশ্চিম, উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলের মধ্যে যোগাযোগ আরও সহজ হবে। বিশেষ করে নদীবেষ্টিত অঞ্চলগুলোর সঙ্গে রাজধানী ও অন্যান্য অর্থনৈতিক কেন্দ্রের যোগাযোগে নতুন সম্ভাবনা তৈরি হবে। এ বিষয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান বাসসকে বলেন, 'একটি কার্যকর এক্সপ্রেসওয়ে নেটওয়ার্ক গড়ে তুলতে শুধু সড়ক নির্মাণ করলেই হবে না, বরং পুরো করিডরের কারিগরি সক্ষমতা নিশ্চিত করতে হবে। কোথায় নতুন সড়ক প্রয়োজন, কোথায় বিদ্যমান মহাসড়ক সম্প্রসারণ করা সম্ভব এবং কোথায় নতুন সংযোগ সড়ক নির্মাণ করতে হবে, তা ম্যাপিংয়ের মাধ্যমে নির্ধারণ করা হবে।' তিনি বলেন, এক্সপ্রেসওয়ের ক্ষেত্রে সড়কের নকশা, নির্মাণমান, নিরাপত্তা, পানি নিষ্কাশন এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণকে গুরুত্ব দিতে হবে। আমরা পরিকল্পনা অনুযায়ী কারিগরি প্রস্তুতি ও প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে নিতে চাই। সামগ্রিকভাবে সরকারের এ কর্মপরিকল্পনায় সড়ক যোগাযোগকে শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়নি, বরং জাতীয় অর্থনীতি, গ্রামীণ উন্নয়ন, নগর ব্যবস্থাপনা, পণ্য পরিবহন ও সড়ক নিরাপত্তার সঙ্গে সমন্বিতভাবে যুক্ত করা হয়েছে। পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী, জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তোলা গেলে দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে যোগাযোগের সময় কমবে, পণ্য পরিবহনের ব্যয় হ্রাস পাবে এবং শিল্প ও বাণিজ্যিক কর্মকাণ্ড সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। তবে এসব উচ্চাভিলাষী পরিকল্পনা বাস্তবায়নে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে বিপুল অর্থায়ন নিশ্চিত করা, জমি অধিগ্রহণ, পরিবেশগত ছাড়পত্র, প্রকল্পের সম্ভাব্যতা যাচাই, নির্মাণকাজের মান নিয়ন্ত্রণ এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয় প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে।  একই সঙ্গে নতুন সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি বিদ্যমান সড়কগুলোর রক্ষণাবেক্ষণ ও নির্মিত অবকাঠামোর কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে। পরিবহন বিশেষজ্ঞ, বুয়েট অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান বাসসকে বলেন, দেশের সব জেলাকে চার লেনের মহাসড়কের মাধ্যমে যুক্ত করার পরিকল্পনা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তবে এক্সপ্রেসওয়ে নির্মাণের আগে কোন রুটে কী পরিমাণ যানবাহন চলাচল করে এবং আগামী ২০ থেকে ৩০ বছরে পরিবহন চাহিদা কতটা বাড়তে পারে, তা বিবেচনায় নিতে হবে। তিনি বলেন, শুধু অবকাঠামো নির্মাণ করলেই যানজটের সমাধান হবে না। সড়ক ব্যবস্থাপনা, গণপরিবহন, পণ্য পরিবহন, পার্কিং এবং ট্রাফিক ব্যবস্থাপনার মধ্যে সমন্বয় থাকতে হবে। মো. হাদিউজ্জামান আরও বলেন, আমাদের দেশে অনেক ক্ষেত্রে নতুন সড়ক নির্মাণের পরও পরিকল্পনাহীন সংযোগ, বাজার ও অবৈধ পার্কিংয়ের কারণে যানজট তৈরি হয়। তাই এক্সপ্রেসওয়ের পাশাপাশি সংযোগ সড়ক, নিরাপদ প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা এবং গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করতে হবে। আর পাঁচ বছরে ৫০০ কিলোমিটার নির্মাণের লক্ষ্য বাস্তবায়ন করতে হলে প্রকল্পের প্রস্তুতি, অর্থায়ন ও জমি অধিগ্রহণের কাজ আগে থেকেই এগিয়ে রাখতে হবে। সাকারের কর্মপরিকল্পনায় এসব উদ্যোগকে ২০২৬-২০৩১ মেয়াদের পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। পাশাপাশি ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য অর্জনেও উন্নত সড়ক যোগাযোগব্যবস্থাকে গুরুত্বপূর্ণ অবকাঠামোগত ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, নির্ধারিত ছয় মাস, এক বছর ও পাঁচ বছরের সময়সীমা অনুযায়ী পরিকল্পনাগুলো— বিশেষ করে তিন হাজার কিলোমিটার করিডরের ম্যাপিং, ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ ও দেশের সব জেলাকে চার লেনের মহাসড়কের মাধ্যমে যুক্ত করার লক্ষ্য বাস্তবে রূপ পেলে দেশের যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে মত প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। আরটিভি/এসআর
৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের
এলএনজি আমদানিতে ছয় মাসে ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি
এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানিতে সরকারকে বিপুল আর্থিক চাপ বহন করতে হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি জানান, চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসে এ খাতে ভর্তুকি দিতে হয়েছে ৩৪ হাজার কোটি টাকা। তিনি বলেন, শুধু বিদ্যুৎ উৎপাদন বাড়ালেই জ্বালানি সংকটের সমাধান হবে না। উৎপাদন, সঞ্চালন ও বিতরণ- জ্বালানি ব্যবস্থার প্রতিটি পর্যায়ে দক্ষতা বাড়াতে হবে। এলএনজি আমদানিতে বিপুল ভর্তুকির কারণে রাষ্ট্রের ওপর আর্থিক চাপ তৈরি হচ্ছে। তাই আমদানিনির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়াতে হবে। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে তিন দিনব্যাপী চতুর্থ বাংলাদেশ জ্বালানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ‘জ্বালানি নিরাপত্তায় নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই’ প্রতিপাদ্যে আজ সম্মেলন শুরু হয়েছে। রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এ জন্য দেড় হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ অর্থের মাধ্যমে গ্রামের মানুষ ৬ শতাংশ সুদে ১২ বছরে পরিশোধযোগ্য ঋণ নিয়ে সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ পাবেন। সরকারি ও বাণিজ্যিক ভবনের ছাদ থেকে শুরু করে উপযুক্ত কৃষিজমিতেও সৌরবিদ্যুৎ সম্প্রসারণের সুযোগ রয়েছে। নবায়নযোগ্য জ্বালানিকে জাতীয় জ্বালানি ব্যবস্থার মূল ধারায় নিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন তিনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়ন বিষয়ক কর্মজোটের (বিডব্লিউজিইডি) সদস্যসচিব হাসান মেহেদী বলেন, বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা বর্তমান নীতিতে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। এ সম্ভাবনা কাজে লাগাতে বড় বড় বিদ্যুৎকেন্দ্রের ওপর নির্ভর না করে সাধারণ মানুষকে বিদ্যুৎ উৎপাদনে যুক্ত করতে হবে। তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সাধারণ মানুষকে বিদ্যুৎ উৎপাদন ও ব্যবস্থাপনায় যুক্ত করতে হবে। বিকেন্দ্রীভূত ও জনগণের মালিকানাভিত্তিক বিদ্যুৎব্যবস্থা গড়ে তুলতে পারলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিদ্যুৎ খাতে মানুষের অংশগ্রহণও বাড়বে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দেশীয় ও আন্তর্জাতিক লবির প্রভাবে জীবাশ্ম জ্বালানি দেশের জ্বালানি খাতে কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক আধিপত্য প্রতিষ্ঠা করেছে। এ আধিপত্য ভাঙতে হলে নবায়নযোগ্য জ্বালানিকে কেবল বিকল্প হিসেবে নয়, বরং জাতীয় জ্বালানি ব্যবস্থার অগ্রাধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আরও বক্তব্য দেন লইয়ার্স ফর এনার্জি, এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের (লিড) প্রধান নির্বাহী আবদুল্লাহ আল নোমান, এথিক্যাল ট্রেডিং ইনিশিয়েটিভ বাংলাদেশের নির্বাহী পরিচালক আবিল বিন আমিন, সেন্টার ফর রিনিউএবল এনার্জি সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান শাহরিয়ার আহমেদ চৌধুরী, সেফটি অ্যান্ড রাইটস সোসাইটির নির্বাহী পরিচালক সেকেন্দার আলী মীনা, সিটি ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থনীতিবিদ আশানুর রহমান এবং বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আল মাহমুদ।  অধিবেশনে সভাপতিত্ব করেন বিডব্লিউজিইডির আহ্বায়ক ড. কাজী মারুফুল ইসলাম। তিন দিনের এ সম্মেলনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সাড়ে তিন শতাধিক অংশীজন অংশ নিচ্ছেন। নীতিনির্ধারক, সরকারি ও নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, আর্থিক প্রতিষ্ঠান, বিনিয়োগকারী, নবায়নযোগ্য জ্বালানি উদ্যোক্তা, গবেষক, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী, নাগরিক সমাজ ও তরুণ প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন। সম্মেলনে ১৩টি বিষয়ভিত্তিক অধিবেশনে জ্বালানি নীতি ও প্রাতিষ্ঠানিক সংস্কার, এলএনজি ও কয়লাভিত্তিক জ্বালানি সম্প্রসারণের ঝুঁকি, জ্বালানি রূপান্তরে অর্থায়ন, আঞ্চলিক সহযোগিতা, শিল্প খাতের কার্বন নিঃসরণ হ্রাস, বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকের ভূমিকা এবং নবায়নযোগ্য জ্বালানি প্রসারে স্থানীয় সরকারের ভূমিকা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি জ্বালানি ন্যায়বিচারে গণমাধ্যমের ভূমিকা, তরুণদের কর্মসংস্থান এবং শ্রমিক, আদিবাসী ও নারীদের অংশগ্রহণ নিয়েও আলোচনা হবে। ২০২৩ সালের এপ্রিলে প্রথম বাংলাদেশ জ্বালানি সম্মেলন অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় দ্বিতীয় ও তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় যথাক্রমে ২০২৪ ও ২০২৫ সালে। বিডব্লিউজিইডির উদ্যোগে দেশের ১৪টি সংগঠনের সহযোগিতায় এবারের সম্মেলন আয়োজন করা হয়েছে। আরটিভি/এসআর
এলএনজি আমদানিতে ছয় মাসে ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই: তথ্য উপদেষ্টা
এক পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনা দেশে ফিরে আসার আওয়াজ তুলছেন, তবে তার ফিরে আসার কোনো সম্ভাবনাই নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই: তথ্য উপদেষ্টা
পে-স্কেল নিয়ে বড় সুখবর পেলেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
নতুন পে-স্কেলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।  প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের গত নয় মাসের প্রচেষ্টায় এ কাজ সম্পন্ন হয়েছে বলে দাবি করেন তিনি। তবে পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখনো শেষ হয়নি বলেও জানান সচিব। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’-এর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল ও বদলি জাতীয়করণের দাবির বিষয়ে আবদুল খালেক বলেন, ৯ মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা বেসরকারি শিক্ষকদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত করেছি। খুব কঠিন কাজ ছিল। এই পে-স্কেল দেওয়া শেষ হয়নি। অথচ আপনারা জাতীয়করণের দাবিতে রাস্তায় নেমে পড়েছেন। শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের উদ্যোগের কথাও জানান তিনি। তার ভাষ্য, বদলি নীতিমালা করতে যাচ্ছি আমরা। তারপরও আপনারা রাস্তায় নেমেছেন? আমরা আপ্রাণ চেষ্টা করি সততা দিয়ে, দক্ষতা দিয়ে। ইতোমধ্যে আমরা ৯ মাস কাজ করেছি। আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই। তিনি বলেন, ‘যখন প্রয়োজন হবে তখন সরকার জাতীয়করণ করবে। এটা করতে গেলে সরকারের অর্থের প্রয়োজন আছে, সরকারের নীতি নির্ধারণের প্রয়োজন আছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে, আপনাদের ইতোমধ্যে আমরা সর্বোচ্চ সুযোগ-সুবিধা যা দেওয়ার, সরকারের পক্ষ থেকে দিয়েছি। কম্পিউটার দিয়েছি, ল্যাব দিয়েছি, নতুন বই দিয়েছি। সরকারের আর্থিক সহযোগিতার কথা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই সরকার প্রথম দিন থেকেই বেসরকারি শিক্ষকদের পেনশন দিয়েছে সাড়ে চার হাজার কোটি টাকা। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের রাজনীতিতে অংশগ্রহণ না করার কথা জানান শিক্ষা সচিব আবদুল খালেক। আরটিভি/এসআর
পে-স্কেল নিয়ে বড় সুখবর পেলেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
অতীত পেছনে ফেলে বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক আরও দৃঢ় হবে: স্পিকার হাফিজ উদ্দিন
পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দীর্ঘদিনের ভ্রাতৃত্ববোধ অটুট রেখে অতীত পেছনে ফেলে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে উভয় পক্ষই সম্মত হয়েছে।
অতীত পেছনে ফেলে বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক আরও দৃঢ় হবে: স্পিকার হাফিজ উদ্দিন
আরও পড়ুন
মিয়ানমারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতেই হবে: খলিলুর রহমান
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউ ও চীনের কূটনীতিকরা
১৯৪৫ সালের নীতিতে আজকের বিশ্ব চলতে পারে না: ড. খলিলুর রহমান
কপ৩১-এর তিন প্রধান অগ্রাধিকার তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর