ভুলে ভরা প্রকাশিত রাজাকারের তালিকা স্থগিত করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আগামী ২৬ মার্চ সংশোধিত নতুন তালিকা প্রকাশ করা হবে। জানালেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ বুধবার বিকেলে রাজধানীর তেজগাঁও এ বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়’ শীর্ষক তথ্যচিত্র বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
এদিকে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন রাজাকার-আলবদর-আল শামস বা মুক্তিযোদ্ধাদের নিয়ে কোনও কাজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় করে না। এটা সম্পূর্ণ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কাজ। তারা আমাদের কাছে তথ্য চেয়েছিল, আমরা ১৯৭২-১৯৭৪ সালে দালাল আইনে যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল। সেই মামলায় যাদের নাম ছিল, সেই তালিকা দিয়ে দিয়েছি।
মন্ত্রী আরও বলেন, যে তালিকা প্রকাশ করা হয়েছে সেটি কোনও রাজাকারের তালিকা নয়। এটি দালাল আইনে অভিযুক্তদের তালিকা। নোট দেয়া সত্ত্বেও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সবার নাম প্রকাশ করায় এর পুরো দায় ওই মন্ত্রণালয়ের।
তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত। আমরা ৯৯৬ জন এর নাম নোট করে পাঠিয়ে দিয়েছি। যদিও তারা ওই দালাল আইনে দায়ের হওয়া মামলার বাদী-বিবাদী নয়।
উল্লেখ্য, গত রোববার (১৫ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ১০ হাজার ৭৮৯ রাজাকারের নাম প্রকাশ করে। ওই তালিকায় গেজেটেড মুক্তিযোদ্ধাদের নামও রয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পরই ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
এমকে




