
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আগ্রহী প্রার্থীদের মধ্যে ঋণখেলাপি থাকলে তার সে তথ্য দেয়ার জন্য অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসদুল ইসলামকে একটি ডিও লেটার (আধা সরকারি পত্র) পাঠিয়ে নির্দেশনাটি বাস্তবায়ন করতে বলেছেন।
প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন কিংবা তার আগেই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে রিটার্নিং কর্মকর্তার কাছে তথ্য সরবরাহ করতে হবে। একই সঙ্গে প্রয়োজনে ব্যাংক কর্মকর্তা/প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, ২২ ডিসেম্বর ২০১৯ তারিখে আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের সময়সূচি ঘোষণা করা হয়েছে। এই নির্বাচন পরিচালনার জন্য রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে আপিল গ্রহণ এবং আপিল নিষ্পত্তির জন্য বিভাগীয় কমিশনার, সংশ্লিষ্ট বিভাগকে আপিল কর্তৃপক্ষ হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
স্থানীয় সরকার ধারার বিধান অনুসারে ঋণ খেলাপিরা মেয়র বা কাউন্সিলর পদে নির্বাচিত হওয়ার জন্য অযোগ্য হবেন। স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা, ২০১০-এর ১৫ বিধি অনুসারে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে কোনও প্রার্থী বা কোনও ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কোনও কর্মকর্তা মনোনয়নপত্র বাছাইয়ের তারিখের ৩ দিনের মধ্যে কর্তৃপক্ষের নিকট আপিল করতে পারবেন।
এমকে




