
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন ঘিরে বিদেশি কূটনীতিকরা কোড অব কন্ডাক্ট মানছেন না। তারা নিজেদের কাজ বাদ দিয়ে আমাদের ডমেস্টিক (অভ্যন্তরীণ) ইস্যুতে নাক গলাচ্ছেন। এটা উচিত নয়। যারা কোড অব কন্ডাক্ট মানবেন না তাদের বলব দেশ থেকে চলে যান। বললেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
আজ বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ নির্বাচন হবে আদর্শ নির্বাচন। এ বিষয়ে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এ নির্বাচন অত্যন্ত স্বচ্ছ হবে।
এদিকে কূটনীতিক ও বিদেশি পর্যবেক্ষকদের তৎপরতা নিয়ে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল আজ ইসিতে গিয়ে অভিযোগ জানিয়েছে।
গত সংসদ নির্বাচনে একটি দেশের রাষ্ট্রদূত ক্যামেরা নিয়ে নির্বাচনী বুথের মধ্যে ঢুকে পড়েছিলেন। এবার যেনো এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে দিকে সতর্ক থাকতে ইসিকে অনুরোধ করেছে আওয়ামী লীগ।
ইসির সঙ্গে বৈঠকের পর আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইচ টি ইমাম বলেন, মান্যবর রাষ্ট্রদূতদের যথেষ্ট সম্মান করি। বাংলাদেশের মতো এত আদর-যত্ন কেউ করে না। সেটা অব্যাহত থাকবে। কিন্তু আতিথেয়তা মানে এই নয় যে কেউ সেটির সুযোগ নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করবে।
এমকে




