ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলে অনলাইন অ্যাপের মাধ্যমে এক বহিরাগত ব্যক্তিকে হলের কক্ষে ডেকে আনার অভিযোগে এক শিক্ষার্থীর সিট বাতিল করা হয়েছে। একই সঙ্গে হল প্রশাসনের পক্ষ থেকে শাহবাগ থানায় মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মাস্টারদা সূর্যসেন হলে এ ঘটনা ঘটে।
মাস্টারদা সূর্যসেন হল সংসদের পাঠকক্ষ সম্পাদক মোহাম্মাদ ইমরান জানান, সকালে হলের একটি কক্ষের সামনে এক বহিরাগত ব্যক্তিকে দেখতে পান শিক্ষার্থীরা। ওই ব্যক্তির অন্য একটি কক্ষে যাওয়ার কথা থাকলেও ভুলবশত তিনি অন্য কক্ষের সামনে চলে যান। পরে সেখানে থাকা আবাসিক শিক্ষার্থীরা তাকে জিজ্ঞাসাবাদ করে অভিযুক্ত শিক্ষার্থীকে শনাক্ত করেন।
তিনি দাবি করেন, পরবর্তীতে দুজনের মোবাইল ফোনে একটি অনলাইন যোগাযোগ অ্যাপের মাধ্যমে তাদের মধ্যে পূর্বপরিচয় ও যোগাযোগের তথ্য পাওয়া যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে হল প্রশাসনকে জানানো হলে প্রাধ্যক্ষ ও হাউস টিউটররা ঘটনাস্থলে এসে তাদের প্রাধ্যক্ষের কক্ষে নিয়ে যান।
ইমরানের ভাষ্য অনুযায়ী, সেখানে দুজনই লিখিত মুচলেকা দেন। এরপর হল প্রশাসন অভিযুক্ত শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল করে এবং প্রক্টরিয়াল টিমের সহায়তায় শাহবাগ থানায় প্রচলিত আইনের আওতায় একটি মামলা দায়ের করে।
তিনি আরও দাবি করেন, অভিযুক্ত শিক্ষার্থী লিখিত স্বীকারোক্তিতে জানান যে তিনি দীর্ঘদিন ধরে সমকামী সম্পর্কের সঙ্গে যুক্ত ছিলেন এবং হলের আরও দুই শিক্ষার্থী একই ধরনের বিষয়ে জড়িত বলে অভিযোগ করেন। তবে এই দাবির স্বাধীনভাবে কোনো সত্যতা নিশ্চিত করা যায়নি।
এ বিষয়ে মাস্টারদা সূর্যসেন হলের প্রাধ্যক্ষ ড. মো. রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য, অভিযুক্ত ব্যক্তি বা তাদের আইনজীবীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আরটিভি/এসকে




