
সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার (৫ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষ্যে বিকেলে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কনসাল জেনারেল নাজমুল হক। এ সময় কনস্যুলেটের কর্মকর্তা, কর্মচারীগন ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করা হয়।
অনুষ্ঠানে কনসাল জেনারেল নাজমুল হক বলেন, শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ছিলেন অনন্য অসাধারণ গুণাবলী, উন্নত চরিত্রের অধিকারী ও মানবীয় গুণাবলী সম্পন্ন সহজ-সরল, নিরহংকারী এক যুবক। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া, নাটক, সংগীতসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার প্রতিভা ছিল অসামান্য।
তিনি বলেন, শেখ কামাল যুদ্ধবিদ্ধস্ত বাংলাদেশের যুব সমাজকে শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রে সম্পৃক্ত করে একটি আধুনিক উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। দুর্ভাগ্য যে, আমরা এমন একজন সেরা ক্রীড়া, জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্বকে অকালে হারিয়েছি।
নাজমুল হক বলেন, শেখ কামালের কর্ম ও আদর্শ বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
কনসাল জেনারেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করছে। তার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যাবে। তিনি সবাইকে বাংলাদেশের উন্নয়নের লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে শেষে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশের সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।




