
পঙ্ক্তি’র আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আবারও হতে যাচ্ছে ‘কবিতায় কথা’র আবৃত্তি সন্ধ্যা। এর আগে পরিবেশনা হবে বিজয়ের ক্যানভাসে ভালোবাসা।
বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় একাডেমির স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হবে। এ সময় কবিতা কথায় আবৃত্তি করবেন পঙক্তির আবৃত্তি-শিল্পী সালমা শবনম, সায়মা শ্রাবণী এবং আমন্ত্রিত অতিথি আবৃত্তি শিল্পী রফিকুল ইসলাম।
পঙ্ক্তির সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য নাজনীন নাজ আরটিভি নিউজকে জানান, ‘কবিতায় কথা’ আমাদের প্রাণের অনুষ্ঠান। এই আয়োজনকে আমরা দেখতে চাই সাংগঠনিক সাঁকো হিসেবে। অগ্রজ-অনুজ আবৃত্তি-শিল্পীদের মিলনমেলা হিসেবে। সারা বাংলাদেশের আবৃত্তিকর্মীদের প্রাণের মঞ্চ হিসেবে।
তিনি আরও জানান, নিশ্চয়ই সময় একদিন পঙ্ক্তিকে হাত ধরে এইসব স্বপ্নের সামনে দাঁড় করিয়ে দেবে। ‘কবিতায় কথা’র প্রতি আসরে আমরা আমন্ত্রণ জানাতে চাই ঢাকা অথবা ঢাকার বাইরের একজন করে আবৃত্তি-শিল্পীকে।
এই সংগঠনটি করোনার সময় অনলাইন প্ল্যাটফর্মে নিয়মিতভাবে আবৃত্তি অনুষ্ঠান আয়োজন করেছেন। তবে করোনার পর পঙ্ক্তি’র নিয়মিত চতুর্মাসিক আবৃত্তি ‘কবিতায় কথা’র পঞ্চম আসর নিয়ে আবারও তারা মঞ্চে এসেছেন।




