
আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাস, রোম, ইতালি দুজন মহিলাসহ পাঁচজন প্রবাসী বাংলাদেশীকে রেমিট্যান্স পুরস্কার প্রদান করেছে।
সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।
ইতালি থেকে বাংলাদেশে গত বছরের জুলাই থেকে এ বছরের জুন পর্যন্ত সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে তাঁদেরকে এ পুরস্কার প্রদান করা হয়। ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান এ পুরস্কার প্রদান করেন।
দূতাবাস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল দিবসটি উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বাণী পাঠ, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ।
আলোচনা সভার শুরুতে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আসিফ আনাম সিদ্দিকী প্রবাসীদের অধিকার রক্ষা, তাদের কল্যাণ এবং বৈধ পথে রেমিট্যান্স পাঠানো প্রবাসীদের উৎসাহ দিতে গৃহীত পদক্ষেপসমূহের উপর একটি প্রতিবেদন উপস্থাপন করেন। রেমিট্যান্স পুরস্কার প্রাপ্তরাও অনুষ্ঠানে বক্তব্য দেন এবং এ স্বীকৃতি প্রদানের জন্য দূতাবাসকে আন্তরিক ধন্যবাদ জানান। এসময় দূরবর্তী শহর থেকে অংশগ্রহণকারীগণও জুম প্ল্যাটফর্মে সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।
রাষ্ট্রদূত মো. শামীম আহসান তাঁর বক্তব্যে পুরস্কার প্রাপ্ত সবাইকে আন্তরিক অভিনন্দন জানান। সেই সাথে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য প্রবাসী সকল বাংলাদেশীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। স্বাধীনতা অর্জনের অব্যবহিত পরেই বিশ্বের বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ধারাবাহিকতায় বিদেশে বাংলাদেশের শ্রমবাজার উন্মোচনের জন্য রাষ্ট্রদূত বিশেষভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারকে প্রবাসী-বান্ধব সরকার উল্লেখ করেন তিনি।
এবারের প্রতিপাদ্য ‘থাকব ভালো, রাখব ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ’ কে সামনে রেখে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। দূতাবাসের সেবার মান উন্নততর এবং দ্রুততর করাসহ নতুন উদ্যোগ গ্রহণে তিনি প্রবাসীদের যে কোন গঠনমূলক পরামর্শকে স্বাগত জানান। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন, আন্তর্জাতিক অভিবাসী সংস্থা ও ভূমধ্যসাগর এলাকার সমন্বয় দপ্তরের পরিচালক লরেন্স হার্ট এবং জনতা এক্সচেঞ্জ এস. আর. এল. এর পরিচালক জোভান্নি ইমবারগামো।
এবছরের রেমিট্যান্স পুরস্কার প্রাপ্তরা হলেন, ব্যক্তি ক্যাটাগরি (পুরুষ) মোহাম্মদ জাহাঙ্গীর ফরাজী, মো. মাহফুজুল হক, উদ্দিন জিয়া এবং ব্যক্তি ক্যাটাগরি (মহিলা) মিজ্ আঁখি আগ্নেশ গমেজ, মিজ্ মেহেনাস তাব্বাসুম।
বৈধ পথে রেমিট্যান্স প্রেরণকারীদের উৎসাহ দিতে ২০১৯ সালে বাংলাদেশ দূতাবাস ‘রেমিট্যান্স পুরস্কার’ চালু করে।




