
উচ্চ মাধ্যমিক বা একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে।
শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় এই ফল প্রকাশ করা হয়। অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে (www.xiclassadmission.gov.bd) প্রবেশ করে ফলাফল জানা যাবে।
এ বছর প্রায় ১৩ লাখ ভর্তিচ্ছু একাদশে ভর্তির আবেদন করেছিলেন। তারা বিভিন্ন কলেজের ৭০ লাখ ২০ হাজারের বেশি আসন ‘চয়েজ’ দিয়েছেন। প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ৮ জানুয়ারির মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে। ৩২৮ টাকা ফি দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করা যাবে। নিশ্চায়ন না করলে প্রথম পর্যায়ের নির্বাচন ও আবেদন বাতিল হবে। এর ফলে পুনরায় ফিসহ আবেদন করতে হবে।
আগামী ৯ ও ১০ জানুয়ারি দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে। এর ফল প্রকাশ করা হবে ১২ জানুয়ারি। দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থী নির্বাচন নিশ্চায়ন চলবে ১৩ ও ১৪ জানুয়ারি। এরপর তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে ১৬ জানুয়ারি। এর ফল প্রকাশ করা হবে ১৮ জানুয়ারি। তৃতীয় পর্যায়ের শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন চলবে ১৯ ও ২০ জানুয়ারি।
আগামী ২২ থেকে ২৬ জানুয়ারি একাদশ শ্রেণিতে ভর্তি চলবে। এরপর ১ ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হবে।




