
গত ৫ অক্টোবর অনুষ্ঠিত হওয়া মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ৪ হাজার ৬৮ জন পরীক্ষার্থী মেধাতালিকার ভিত্তিতে মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন।
বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা বিভাগের পরিচালক আব্দুর রশিদ।
১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রের ভর্তি পরীক্ষায় প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৭ ও সর্বনিম্ন ৫৭।
জাতীয় মেধাতালিকার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের কাছে এসএমএসের মাধ্যমে ফল অল্প সময়ে পৌঁছে যাবে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।
স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে কেন্দ্রীয়ভাবে রাজধানীসহ সারাদেশের ১৯টি কেন্দ্রের ২৭টি ভেন্যুর ৮১৪টি কক্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
চলতি বছর ভর্তি পরীক্ষায় আবেদনকারী ৬৫ হাজার ৯১৯ জনের মধ্যে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৬৩ হাজার ২৬ জন।
আরসি/এসএস




