
পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় বিভিন্ন বিভাগের দশ শিক্ষার্থীকে শাস্তি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) এস.এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গেল ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা কমিটি তাদের এ শাস্তির সুপারিশ করেন।
এরপর গতকাল রোববার ২৪৮তম সিন্ডিকেট সভায় তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
রেজিস্টার অফিস সূত্রে জানা যায়, পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় লোক প্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মং সিং মারমার (রোল নং- ১৬০৮০৭৮) তৃতীয় বর্ষের (পরীক্ষা ২০১৯) সকল পরীক্ষা বাতিল করা হয়েছে।
পরীক্ষার সকল কোর্সের উত্তরপত্র বাতিল করায় তাকে পরবর্তী শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সঙ্গে পুনরায় পরীক্ষায় অংশ নিতে হবে।
একই অভিযোগে গণিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুন্নাফ আলী, রাশেদ পারভেজ ও পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ফাহমিদা আক্তারের এক সেমিস্টারের সকল পরীক্ষা বাতিল করা হয়েছে। বাতিলকৃত ওই সেমিস্টারের সকল পরীক্ষা পুনরায় দিতে হবে তাদের।
এছাড়া লোক প্রশাসন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রিতম মজুমদার, একই বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের নাজমুল হুদা, পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সানজিদা অন্তরা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের আলী হোসাইন, একই বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিহাব আহমেদ তুহিন ও ফিরোজ আহমদের একটি করে কোর্স বাতিল করা হয়েছে।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী আরটিভি অনলাইনকে বলেন, নকলের বিষয়ে আমরা জিরো টলারেন্সে আছি। এই অপরাধে জড়িত হলে শিক্ষার্থীদের শাস্তির সম্মুখীন হতেই হবে।
জেবি




