
দেশের শীর্ষস্থানীয় দুই গণমাধ্যম প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে পৈশাচিক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছে অনলাইন এডিটরস অ্যালায়েন্স। শনিবার (২০ ডিসেম্বর) সংগঠনটির পক্ষ থেকে এক যুক্ত বিবৃতিতে এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি মো. হাসান শরীফ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল বলেন, গণমাধ্যমের ওপর এ ধরনের সহিংসতা গণতন্ত্রের মূল স্তম্ভের ওপর আঘাত। এটি নাগরিকের জানার অধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতাকে সরাসরি বাধাগ্রস্ত করার একটি পরিকল্পিত অপচেষ্টা।
সংগঠনটি সরকারের কাছে জোর দাবি জানিয়ে বলেছে, সাংবাদিকদের নির্ভয়ে কাজ করার পরিবেশ তৈরি করতে অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। নেতৃবৃন্দ মনে করেন, বিচারহীনতার সংস্কৃতিই বারবার সংবাদপত্রের ওপর আঘাত হানার সাহস জোগায়।
অনলাইন এডিটরস অ্যালায়েন্স আশা প্রকাশ করে যে, অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় তাদের দেওয়া অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করবে। ভবিষ্যতে এমন নজিরবিহীন ঘটনার পুনরাবৃত্তি রোধে রাষ্ট্রের পক্ষ থেকে কঠোর অবস্থান গ্রহণের কোনো বিকল্প নেই বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
আরটিভি/এআর




