
দেশের স্বাধীনতার যিনি ঘোষণা দিলেন, যিনি যুদ্ধ করলেন, তার সম্পর্কে আজকে মিথ্যা কথা বলে তাকে খাটো করা হচ্ছে। খুনি মাজেদের বক্তব্যের প্রেক্ষিতে জিয়াউর রহমানকে নিয়ে এ কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৬ আগস্ট) ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে ক্রীড়া উন্নয়ন পরিষদের উদ্যোগে ভার্চুয়াল স্মরণসভায় এই কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আসলে আওয়ামী লীগের কেমিস্ট্রিটাই হচ্ছে দলীয়করণের কেমিস্ট্রি। সেখানে নিরপেক্ষতা, দলের বাইরে যোগ্যতাকে প্রাধান্য দিয়ে কাজ করা তাদের মধ্যে নেই। যার ফলে আজকে সমস্ত রাষ্ট্রকেই তারা দলীয়করণ করে ফেলেছে। এটা তাদের আদর্শগত, নীতিগত। ১৯৭৫ সালেও তারা একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছিল। আজকে যদিও সবকিছু ভুলে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমরা সেগুলো ভুলে যাইনি। এত সহজে সত্যকে ঢেকে দেওয়া যায় না।
আরাফাত রহমান কোকো সম্পর্কে তিনি বলেন, আরাফাত রহমান কোকো রাজনীতির বাইরে থেকে খেলাকে খেলা হিসেবে দেখে অত্যন্ত সাফল্যের সঙ্গে কাজ করেছেন। আজকে যে ক্রিকেট আমরা দেখতে পাই সেই ক্রিকেটের ভিত্তি তৈরি করেছিলেন আরাফাত রহমান কোকো। আমাদের খুব দুর্ভাগ্য যে, আমাদের জন্য যারা কিছু তৈরি করেন তাদের আমরা খুব সহজেই ভুলে যাই।
---------------------------------------------------------------
আরও পড়ুন: বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব বাস্তবায়ন বেশি দূরে নয়: তোফায়েল
---------------------------------------------------------------
বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের সভাপতি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালামের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন, ক্রিকেট বোর্ডের সাবেক সিনিয়র সহ-সভাপতি বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাহ্ নুরুল কবির শাহীন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, প্রকৌশলী ইশরাক হোসেন, ক্রিকেট বোর্ডের সাবেক যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম বাবু, বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ কাজী মহিউদ্দিন বুলবুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক ফুটবলার আমিনুল হক।
জিএ




