
নির্বাচন কমিশন পুনর্গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংসদে প্রতিনিধিত্বকারী প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সংলাপ শুরু হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টায় বঙ্গভবনে প্রবেশ করেন দলটির আটজনের প্রতিনিধিদল।
প্রতিনিধিদলে রয়েছেন- জাপা চেয়ারম্যান জিএম কাদের, সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান রুহুল আমীন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম, মহাসচিব মুজিবুল হক চুন্নু ও সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রটারি খন্দকার দেলোয়ার জালালী।
এর আগে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন, আগামী মঙ্গলবার বৈঠক হবে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ (ইনু) এর সাথে।
আবেদীন বলেন, সংলাপের মাঝামাঝি পর্যায়ে অনুষ্ঠিত হতে পারে সরকারি দল আওয়ামী লীগের সাথে সংলাপ।
এর আগে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে সংলাপ অনুষ্ঠিত হয়েছিল।
রাষ্ট্রপতিকে সিইসি এবং অনধিক চারজন নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে।
গত কয়েকটি মেয়াদে রাষ্ট্রপতি 'সার্চ কমিটি'র সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করেছেন।
বর্তমান ইসির পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি। এ সময়ের মধ্যেই রাষ্ট্রপতি নতুন কমিশন গঠন করবেন, যাদের অধীনে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।
এনএইচ/এসকে




