
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, সাংবাদিকদের জন্য শেখ হাসিনা যা করেছেন, অতীতে কোনো সরকারই তার মতো করেননি। শেখ হাসিনার সরকার সাংবাদিকবান্ধব সরকার। স্বাধীনতার ৫১ বছরে ২৮ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে যারা ক্ষমতায় এসেছেন, তারা কী দিয়েছে?
সোমবার (১৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস এম কামাল হোসেন বলেন, সাংবাদিকরা আওয়ামী লীগের ভুল যেমন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন, একইভাবে উন্নয়নগুলোও তুলে ধরবেন, এটাই প্রত্যাশা করি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, শেখ হাসিনার সরকার সাংবাদিকদের নিয়ে যেভাবে কাজ করে, অতীতে কোনো সরকার তেমনটি করেনি।
তিনি বলেন, অস্বীকার করব না, আমাদের সময়েও সাংবাদিক নির্যাতন হয়েছে। তবে সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বলব না, এই আমলে আওয়ামী লীগের কোনো কর্মী সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেনি। কিন্তু অতীতের মতো ১৮ জন সাংবাদিককে হত্যা করা হয়নি।
আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক বলেন, এই আমলে সাংবাদিকদের জন্য যা কিছু হয়েছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা করেছেন। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট করেছেন, করোনার সময় ১০ কোটি টাকা দিয়েছেন, কোনো সাংবাদিক অসুস্থ হলে পাশে দাঁড়িয়েছেন।
এস এম কামাল হোসেন বলেন, সাংবাদিক হওয়া উচিত বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে ধারণ করে। আমরা মনে করি, সাংবাদিকদের দায়িত্ব দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা।




