
জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে এটাই প্রমাণ হয়েছে, জাতীয় পার্টি অনেক জনপ্রিয়। নির্বাচন সুষ্ঠু হলে প্রতিটি স্থানে লাঙ্গলের বিজয় সুনিশ্চিত বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বনানীতে জাতীয় পার্টি কার্যালয়ে আয়োজিত ঢাকা মহানগর উত্তরের কর্মিসভায় তিনি এসব কথা বলেন।
দেশের মানুষ এখন আওয়ামী লীগ ও বিএনপির চেয়ে জাতীয় পার্টিকে বেশি বিশ্বাস করে জানিয়ে চুন্নু বলেন, জীবিত এরশাদের চেয়ে মৃত এরশাদ অনেক বেশি শক্তিশালী। অনেকেই বলেছেন এরশাদ নেই, রংপুরে জাতীয় পার্টিও নেই। দেশের মানুষ একবুক আশা নিয়ে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছেন। আমরা গণমানুষের প্রত্যাশা পূরণ করতেই পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তুলব।
সভায় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, হাজি নাসির উদ্দিন সরকার, আবদুস সাত্তার, এস এম হাশেম, মাহফুজ মোল্লা, আসলাম, মোহাম্মদ আলী, আবুল বাশার, রফিকুল ইসলাম এবং ইব্রাহীম খানসহ অনেকে।




