
বিএনপি ঘোষিত কর্মসূচিগুলো ঐক্যবদ্ধভাবে পালনের অংশ হিসেবে গণমিছিল করছে জানিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, সরকার অর্থনৈতিকভাবে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। জীবিকা নির্বাহের জন্য মানুষকে আয়ের চেয়ে দ্বিগুণ অর্থ ব্যয় করতে হচ্ছে।
এসময় মেট্রোরেলসহ মেগা প্রজেক্টের নামে বাংলাদেশ থেকে লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ করেন কর্নেল (অব.) অলি।
শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে পান্থপথে গণমিছিল পূর্ব সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। এলডিপি কার্যালয় থেকে বের হওয়া গণমিছিলটি মালিবাগ মোড় হয়ে পুনরায় মগবাজার গিয়ে শেষ হয়।
সমাবেশ থেকে এলডিপি সভাপতি আগামী ১১ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারাদেশে গণঅবস্থান কর্মসূচির ঘোষণা দেন।
অলি আহমদ তার বক্তব্যে বলেন, রফতানি আজ সংকুচিত হচ্ছে। আমদানির টাকা পরিশোধ করার জন্য ব্যাংকে টাকার অভাব। দেরিতে হলেও বর্তমান সরকার অর্থনৈতিকভাবে বিপদে পড়েছে। এবং এর জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশত্যাগে বাধ্য হবে।
সভায় উপস্থিত ছিলেন, দলটির প্রেসিডিয়াম সদস্য মো. নূরুল আমিন, ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট মাহবুব মুর্শেদ, প্রিন্সিপাল অ্যাড. সাকলাইন, ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল মাহবুব রহমানসহ অনেকে।




