
জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা তৃণমূল বিএনপিতে যোগ দিয়েছে। তবে, বিএনপির কেন্দ্রীয়, পদধারী, সুপরিচিত বা গুরুত্বপূর্ণ কোনো নেতা এ দলে যোগদান করেননি।
বুধবার (৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে যোগদানকারীদের নাম ঘোষণা করা হয়।
তৃণমূল বিএনপিতে যারা যোগদান করেছেন- সাবেক জেলা ও দায়রা জজ সিরাজুল ইসলাম, জাপা চেয়ারম্যানের সাবেক উপদেষ্টা কর্নেল অবসরপ্রাপ্ত সাব্বির আহমেদ, সাবেক জাতীয় পার্টির নেত্রী ডা. আইভীর সরকার, ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক নেত্রকোনার মোহাম্মদ আলী, সাবেক ছাত্রলীগ নেতা সন্তোষ সারমা, এলডিপি থেকে আসা লস্কর হারুনুর রশিদ, সাভারের অ্যাডভোকেট মাহবুব হাসান তুষার, জয়পুরহাটের মাসুদ রেজা, নরসিংদীর নাজমুল শিকদার, শাহাদাত হোসেন, নেত্রকোনার শওকত তালুকদার, শহিদুল ইসলাম, টাঙ্গাইলের শরিফুজ্জামান খান, মানিকগঞ্জের শেখ শাহিনুর রহমান, পটুয়াখালীর এনায়েতুল ইসলাম ও জয়পুরহাটের মোবারক।
এ ছাড়া নওগাঁর অ্যাডভোকেট আব্দুল মোতালেব, খুলনার নাদির উদ্দিন খান, নেত্রকোনার মজিবুর রহমান খান, খুলনার হাফিজুল ইসলাম, জয়পুরহাটের আবুল বাশার চৌধুরী, ফেনীর খায়েজ আহমেদ ভূঁইয়া, গোপালগঞ্জের চার্লস বৌদ্ধ, ঢাকা-১৭ আসনের আবু বৌদ্ধ, নোয়াখালীর সৈয়দ আহমেদ, কক্সবাজার মোহম্মদ শাহ আলম, বগুড়ার সুমন মন্ডল, আবু রায়হান, নারায়ণগঞ্জের সাজিদ খান, চট্টগ্রামের শাহাদাত চৌধুরী, পটুয়াখালীর দলিল উদ্দিন, টাঙ্গাইলের শহিদুল ইসলাম, কুমিল্লা মো. মাইনুদ্দিনসহ অনেকেই যোগদান করেছেন।
অনুষ্ঠানে তৃণমূল বিএনপির চেয়ারপার্সন শমসের মুবিন চৌধুরী বলেন, গত ১৯ সেপ্টেম্বর আমাদের জাতীয় কাউন্সিল হয়। আজ অসংখ্য নেতাকর্মী তৃণমূল বিএনপিতে যোগদান করেছেন।
তিনি বলেন, আগামী নির্বাচনে আমরা প্রতিটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করব। আশা করি, ইসি তার ক্ষমতা যথাযথ প্রয়োগ করে একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবে। জনগণ ভোট দেবে।
এ সময় তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, নির্বাহী চেয়ারপারসন অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদা, সিনিয়র ভাইস চেয়ারপারসন মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমান, ভাইস চেয়ারপারসন ও মিডিয়া উইং চিফ সালাম মাহমুদসহ অনেকেই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত নাজমুল হুদা। তিনি ১৯৯১ ও ২০০১ সালে দুই দফায় খালেদা জিয়া সরকারের মন্ত্রী ছিলেন। উচ্চ আদালতের নির্দেশে গত ফেব্রুয়ারিতে তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেয় ইসি।




