
সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০ আসনে ৬০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে সম্মিলিত মহাজোট। জোটের একমাত্র নিবন্ধিত দল বাংলাদেশ কংগ্রেসের অধীনে ডাব প্রতীকে নির্বাচন করবে প্রার্থীরা।
শুক্রবার (২৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত মহাজোটের প্রার্থীদের নাম ঘোষণা করেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন।
অনুষ্ঠানে সম্মিলিত মহাজোটের নেতা শফিকুল ইসলাম খোকন বলেন, দেশ বাঁচাতে আমাদের হাতে নির্বাচন ছাড়া আর কোনো পথ নেই। সমগ্র বিশ্ব তাকিয়ে আছে বাংলাদেশের নির্বাচনের দিকে। তাই এ দেশের সব রাজনৈতিক দলকে নিজ দায়িত্বে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে।
তিনি বলেন, আজ আমরা মহাজোট থেকে ৩০০ আসনে ৬০০ প্রার্থীর নাম ঘোষণা করেছি। সন্ধ্যা থেকে প্রার্থী যাচাই-বাছাই চলবে।
‘নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার জন্য মহাজোটের প্রার্থীরা স্ব স্ব আসনে কাজ করবেন,’ বলেন শফিকুল ইসলাম।




