
ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তার নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন তার আসনের বিভিন্ন ওয়ার্ডে।
রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে নিউমার্কেটের ১৮ নম্বর ওয়ার্ডে প্রচারণার করেন ফেরদৌস। এসময় তিনি বলেন, আমার কথা একটাই এমপি হতে পারলে ঢাকা-১০ আসনকে দশে ১০ করব। এই আসনটি সারাদেশের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং জনবহুল একটি জায়গা। এখানে সব কিছু রয়েছে। গোছানো শহরটি এখন স্মার্ট করার পালা।
ফেরদৌস বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ, তিনি আমাকে এ আসনে নির্বাচন করার জন্য মনোনীত করেছেন। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও আমাকে প্রচণ্ড রকম সহযোগিতা করছেন। এ আন্তরিকতা আমার হৃদয় স্পর্শ করেছে। আমি নির্বাচিত হতে পারলে অবশ্যই এসবের প্রতিদান দ্বিগুণ তিনগুণ হিসেবে ফিরিয়ে দেব।
তিনি ৭ জানুয়ারি ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে উপস্থিত হয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করার আহ্বানও জানান। এসময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও প্রচারণায় অংশ নেন।




