
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল তৈরি হয়ে গেছে। আগামী ৭ জানুয়ারি সেই ফলাফল শুধু ঘোষণা করা হবে।
রোববার (২৪ ডিসেম্বর) অবরোধের দিন ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে রিজভী বলেন, দেশে আগামী ৭ জানুয়ারি যে নির্বাচন নাটকের মঞ্চায়ন হতে যাচ্ছে, সেটা কোনো নির্বাচনই না। নির্বাচনের যে সংজ্ঞা তার মধ্যেই এটা পড়ে না। ৩০০ আসনই নৌকার। ৩০০ আসনই শেখ হাসিনার ইচ্ছাধীন। আওয়ামী লীগ নির্বাচন নিয়ে নাটক ও অভিনব তামাশা করছে। ডামি প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, বিদ্রোহী ও নৌকার প্রার্থী সবই একাকার।
তিনি বলেন, ইতোমধ্যে নির্বাচনের ফলাফল তৈরি হয়ে আছে। ৭ তারিখে শুধু ঘোষণা করা হবে। কোন আসনে কোন প্রার্থী কত ভোট পাবেন, সেটিও নির্ধারণ হয়ে গেছে।
তিনি আরও বলেন, ভোট নাটক বর্জনের ডাকে সকল ভোটার ঐক্যবদ্ধ। গণধিক্কৃত এই নিশিরাতের ভোট ডাকাত সরকার ভিতরে ভিতরে এক্সিট খুঁজছে। ফলে শয়নে জাগরণে তারেক রহমানের ভয়ে অস্থির হয়ে প্রহর গুনছে। আর ভয়ে আতঙ্কে প্রলাপ বকছে, খিস্তিখেউড় আর আর্তনাদ করছে।
দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার রাস্তা উন্মুক্ত করতে হবে উল্লেখ্য করে বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, দেশবাসীর উদ্দেশে আমাদের আহ্বান, এই ভোট বর্জন করুন। সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন।




