
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। নির্বাচনে নৌকা প্রতীক পাওয়ার পর প্রথমবার প্রচারণায় নামেন তিনি।
রোববার (২৪ ডিসেম্বর) বিকালে ঢাকা থেকে নড়াইলে পৌঁছে নির্বাচনী প্রচারণার কাজে মাঠে নেমে পড়েছেন মাশরাফী। এরপর লোহাগড়ার আলামুন্সির মোড়, সিএনবি চৌরাস্তা, লোহাগড়া উপজেলার দলীয় কার্যালয়ের সামনে, এড়েন্দা বাজারসহ বিভিন্ন স্থানে পথসভায় অংশ নেন তিনি।
রাস্তার মোড়ে মোড়ে মাশরাফীকে ফুল দিয়ে বরণ করে নেন এলাকাবাসী। এসময় আগামী ৭ জানুয়ারী ভোটারদেরকে ভোটকেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দানের আহবান জানান নড়াইল এক্সপ্রেস।
কালনা ব্রীজ এলাকায় আয়োজিত প্রথম পথসভায় তিনি বলেন, পাঁচ বছর আগে নৌকা প্রতীক নিয়ে নড়াইলে আসার সময় এখানে ফেরিতে পার হয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে এখানে দেশের প্রথম ৬ লেনের ব্রীজ হয়েছে। আগামীতে আবারো নৌকা প্রতীকে ভোট পেয়ে নির্বাচিত হলে এলাকার বাকি উন্নয়নের জন্য জীবন বাজি রেখে কাজ করবো।
এ সময় লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলাউদ্দিন মুন্সি, সাধারন সম্পাদক সৈয়দ মশিউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফয়জুল আমির রোমসহ হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।




