
সুনামগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশের জনগণ ৭ জানুয়ারি ভোটের মাধ্যমে সব ষড়যন্ত্রের জবাব দেবেন। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটের মাধ্যমে আবারও আওয়ামী লীগকে বিজয়ী করে রাষ্ট্রক্ষমতায় বসাবেন।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে নিজের নির্বাচনী এলাকা সুনামগঞ্জের জগন্নাথপুরে ‘বদলে যাওয়া জগন্নাথপুর’ প্রামাণ্য চিত্রের প্রদর্শনী ও ‘উন্নয়ন অভিযাত্রা’ সংকলনের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এম এ মান্নান বলেন, বিএনপি-জামায়াতসহ তাদের দোসররা দেশজুড়ে নাশকতা সৃষ্টি করছে। গণবিরোধী ধ্বংসাত্মক অবরোধ, হরতাল কর্মসূচি দিয়ে আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে মারছে। মানুষ যখন নির্বাচনী উৎসবে ভাসছে, তখন সব লুটেরা ঐক্য হয়ে জানমালের ক্ষতিসাধনের চেষ্টা করছে।
নির্বাচনে পরাজয়ের ভয়ে বিএনপি ও এর দোসররা রাজনৈতিক কর্মসূচির নামে মানুষ হত্যায় মেতে উঠেছে বলে দাবি করেন পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, বিশৃঙ্খলা করে নির্বাচন বানচাল করতে চায় তারা। তাদের এসব অপকর্ম জনগণ ভোটের মাধ্যমে কঠোর জবাব দেবেন।
উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে ‘ক্যাম্পেইন ফর এম এ মান্নান’-এর সমন্বয়ক আওয়ামী লীগ নেতা আকমল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এর আগে মন্ত্রী জগন্নাথপুরের ইমাম সমিতি ও উপজেলা দলিল লেখক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।




