
জয়পুরহাট-২ আসনে ক্ষেতলাল উপজেলার ইটাখোলা বাজারে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও নৌকা প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও স্বতন্ত্র প্রার্থী অবসরকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ইটাখোলা বাজারে এই সংঘর্ষ হয়।
উভয় পক্ষের দেওয়া অভিযোগের বরাতে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার ইটাখোলা বাজারে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা গণসংযোগসহ প্রচার করছিলেন। এরই মধ্যে দু’পক্ষের সমর্থকদের কথা-কাটাকাটি ও হাতাহাতির এক পর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। এ সময় স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী অবসরসহ ২ জন ও নৌকার সমর্থক ৩ জন আহত হয় বলে উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেন। রাতেই আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও স্বতন্ত্র প্রার্থী অবসর চৌধুরীকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখনো চিকিৎসাধীন থাকলেও আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।




