
দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালী হাতিয়ায় জমে উঠেছে প্রচার প্রচারণা। প্রতিদিন নেতাকর্মীরা মিছিল মিটিং এ ব্যস্ত সময় পার করছে। আর কর্মীদের আপ্যায়ন করতে প্রার্থীরা বেছে নিয়েছে সহজ উপায়। সবাইকে মুড়ির তৈরি মোয়া দিয়ে করা হচ্ছে আপ্যায়ন। পরিবহনে সহজ ও বিতরণ করা যায় ঝামেলা ছাড়া। এ জন্য সভা সমাবেশে মোয়াকে বেছে নিয়েছে প্রার্থীরা। উপজেলা সদরের সোনালী ব্যাংকের নিচে ৩০ বছর ধরে মোয়া বিক্রি করে আসছে দিলাল চন্দ্র সাহা।
দিলাল জানান, প্রতিদিন তার দোকান থেকে ৩-৪ মণ মোয়া বিকি হয়। নির্বাচনকে কেন্দ্র করে অন্য সময়ের তুলনায় বিক্রি বেড়েছে কয়েক গুণ। এক কেজি মোয়া বিক্রি হয় ১৪০ থেকে ১৫০ টাকা দরে। এক কেজিতে বড় সাইজের মোয়া পাওয়া যায় ৩৫-৩৭টি।
হাতিয়ায় নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ মোহাম্মদ আলী। মঙ্গলবার দুপুরে তার বাসায় গিয়ে দেখা যায় নেতা কর্মীদের মোয়া দিয়ে আপ্যায়ন করা হচ্ছে। বিশাল পাত্রে মোয়া নিয়ে লাইন ধরে দাঁড়িয়ে থাকা কর্মীদের মাঝে মোয়া বিতরণ করছে কয়েকজন।
আলপকালে বাসার কর্মচারী জাবের হোসেন জানান, প্রতিদিন এক থেকে দেড় মণ মোয়া বিতরণ করেন তারা। হাতিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে কর্মীরা মিছিল নিয়ে বাসায় এলে তাদেরকে মোয়া দিয়ে আপ্যায়ন করা হয়।
জাবের আরও জানান, পরিবহনে সহজ শুকনো এসব মোয়া সহজে বিতরণ করা যায়। কখনো প্লাস্টিকের বস্তায় নিয়ে, কখনো প্লাস্টিকের পাত্রে নিয়ে কর্মী সমর্থকদের মাঝে দ্রুত বিতরণ করা যায়।
হাতিয়ার প্রবীণ রাজনীতিবীদ অধ্যক্ষ এনামুল হক জানান, নির্বাচন এলেই মোয়ার কদর বেড়ে যায়। গ্রামগঞ্জে মানুষ মোয়া খুব পছন্দ করে। যুগ যুগ ধরে এই দ্বীপে নির্বাচনে মোয়া খাওয়ানোর রীতি চলে আসছে। শুধু সংসদ নির্বাচনে নয়। স্থানীয় যে কোন নির্বাচনে জনসমাগম বেড়ে গেলে আপ্যায়নে মোয়ার ওপর নির্ভর করতে হয় সবাইকে। মিছিল করে এলে ক্লান্ত নেতা কর্মীদের মোয়া দিয়ে আপ্যায়ন করা চিরায়িত নিয়মে পরিণত হয়েছে এখানে। এজন্য আয়োজকরা আগে ভাগেই বস্তায় বস্তায় মোয়া কিনে রেখে দেয়।
উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ হাতিয়া আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। আওয়ামী লীগ থেকে (নৌকা) মোহাম্মদ আলী, মুক্তিজোটের (ছড়ি প্রতিক) মোহাম্মদ মোজাম্মেল হক ও জাতীয় পার্টি (নাঙ্গল প্রতিক) থেকে মুশফিকুর রহমান। হাতিয়ায় ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ১শত ৩২ জন। ভোট কেন্দ্র রয়েছে ৯৬টি। আগামী ৭ জানুয়ারী এসব কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।




