
নিজ শহরের কলেজপাড়ায় উঠান বৈঠকে নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান।
শনিবার (৩০ ডিসেম্বর) সকালে শহরের কলেজপাড়াবাসীর উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে সাকিবকে দেখতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় জমান। এ সময় বিশ্বসেরা অলরাউন্ডারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উঠান বৈঠকে সাকিব বলেন, আমি শুনেছি এই এলাকার ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে চান না। এ কথা শুনে আমি হতাশ হয়েছি।
টাইগার দলপতির ভাষ্য, শুনেছি এই কলেজপাড়া ঢাকার গুলশান, বনানী এলাকার মতো। এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসরসহ এলিট শ্রেণির মানুষের বসবাস। এই একটি জায়গায় সবার সন্দেহ, এই এলাকার মানুষ ভোট দেন না। তাই এই অপবাদ আপনাদের এবার ঘোচাতে হবে। আপনাদের কাছে অনুরোধ, আগামী ৭ জানুয়ারি নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে মাগুরার উন্নয়নের সুযোগ দেবেন।
সাকিব যোগ করেন, যদি আমাকে ভোট না-ও দিতে মন চায়, সমস্যা নাই; তা-ও আপনারা ভোট কেন্দ্রে যান, এটা আমি চাই। অন্তত কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ুক।
দেশসেরা এই ক্রিকেটার বলেন, নির্বাচনে জয়যুক্ত হলে আপনাদের নিয়ে মাগুরার যত উন্নয়ন সম্ভব, সেটা করবো। ভোটের দিন সবাই সকাল সকাল কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করে মাগুরার উন্নয়নের অগ্রযাত্রাতে অব্যাহত রাখবেন।
এ সময় উঠান বৈঠকে জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




