
কর্মীর হাতে প্রকাশ্যে টাকা দেওয়ার অভিযোগ এনে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সনের প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন করেছেন আওয়ামী লীগের প্রার্থী কাজী জাফর উল্যাহ।
শনিবার (৩০ ডিসেম্বর) জাফর উল্যাহ চৌধুরীর প্রধান নির্বাচনী এজেন্ট ও ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান স্বাক্ষরিত ওই আবেদন রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া হয়েছে।
ফরিদপুরের রিটার্নিং কর্মকর্তা ও ডিসি মো. কামরুল আহসান তালুকদার সাংবাদিকদের বলেন, ‘আবেদনটি নির্বাচনী অনুসন্ধান কমিটিতে পাঠানো হয়েছে। কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিষয়টি প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠানো হবে।’
আবেদনে উল্লেখ্য করা হয়, ‘২৮ ডিসেম্বর দুপুরে ভাঙ্গা থানার উত্তর পাশে অটোস্ট্যান্ডে একটি নির্বাচনী সভায় প্রকাশ্যে ভোটারদের মাঝে টাকা বিতরণ করেছেন নিক্সন চৌধুরী। তিনি প্রকাশ্যে অর্থের মাধ্যমে ভোটারদের প্ররোচিত করে নির্বাচনী আচরণবিধি ৩(১) ধারার সুস্পষ্ট লঙ্ঘন করেছেন। নির্বাচন আচরণবিধি ভঙ্গের দায়ে তার প্রার্থিতা বাতিল করার জন্য জোর দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে জানতে চাইলে ঈগল প্রতীকের প্রার্থী মজিবুর রহমান নিক্সন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আমার নামে মিথ্যা প্রচার করা হচ্ছে। তারা খিচুড়ি খাওয়ার জন্য আমার কাছে কিছু টাকা চেয়েছিল, আমি তাদের বকশিশ হিসেবে দিয়েছি। আমি এভাবে অনেক গরিব-দুঃখী মানুষকে সহযোগিতা করে থাকি, এটা নির্বাচনী বিষয় না।’
আওয়ামী লীগের প্রার্থী কাজী জাফর উল্যাহ বলেন, ‘আমি যে অভিযোগ করেছি তা এরই মধ্যে প্রমাণ হয়েছে। স্বতন্ত্র প্রার্থী কালো টাকা ছড়িয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন।’




