
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বীর উত্তম) উপরে মাসব্যাপী ভিডিও কনটেন্ট নির্মাণ প্রতিযোগিতার আয়োজন করেছে জাতীয়তাবাদের পাঠশালা ও ৭ নভেম্বর প্রজন্ম।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আয়োজকরা জানান, মহান স্বাধীনতার ঘোষক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বীর উত্তম) জীবনের অজানা গল্প, ঐতিহাসিক আখ্যান এবং প্রেরণাদায়ী ঘটনাবলিকে সৃজনশীল উপায়ে ক্যামেরার লেন্সে তুলে ধরার এক অনন্য সুযোগ এনে দিচ্ছে এই প্রতিযোগিতা।
আয়োজকদের মতে, এই প্রতিযোগিতার মাধ্যমে সারা দেশের ৬৪ জেলা ও ৪৯৫ উপজেলা থেকে ১০১ জন সেরা কনটেন্ট ক্রিয়েটরকে পুরস্কৃত করা হবে। পাশাপাশি এই উদ্যোগের মাধ্যমে ১,০০০ জন নতুন কনটেন্ট ক্রিয়েটর তৈরির লক্ষ্য নিয়েছে সংগঠন দুটি।
আয়োজকরা আরও জানান, এই আয়োজনটি সফলভাবে সম্পন্ন করার জন্য সারাদেশে সার্বিক সহযোগিতা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
এই প্রতিযোগিতায় দেশের ৬৪ জেলার সৃজনশীল স্টোরিটেলার, ভিডিও কনটেন্ট নির্মাতা ও ডকুফিকশন পরিচালকদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ৭ নভেম্বর প্রজন্মের আহ্বায়ক ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, জাতীয়তাবাদের পাঠশালার ভারপ্রাপ্ত আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হুদা বাবু, ৭ নভেম্বর প্রজন্মের সদস্যসচিব ও সাংবাদিক ইয়াছির ওয়ারদাদ তন্ময় প্রমুখ বক্তব্য দেন।
আরটিভি/আইএম



