
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্পের কারণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি জানান, রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে অনুভূত ভূমিকম্পে ঢাকা ও নরসিংদীতে কমপক্ষে ছয়জন, যার মধ্যে দুই শিশুসহ, নিহত হয়েছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গাজীপুরের কারখানা শ্রমিকসহ নরসিংদী ও দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় তিনশ’র কাছাকাছি মানুষ আহত হয়েছেন।
ডা. শফিকুর রহমান নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে আহত ও নিহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। তিনি আল্লাহর কাছে তাদের জন্য ধৈর্য ও সহমর্মিতা প্রার্থনা করেন।
তিনি আরও বলেন, আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে এবং হতাহত পরিবারগুলোর ক্ষতিপূরণ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে দ্রুত আরোগ্য কামনা করেন।
জামায়াত আমির ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি কমাতে ভবন নির্মাণের ক্ষেত্রে বিল্ডিং কোড মেনে চলার গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে কঠোর তদারকি জরুরি এবং সরকারের দায়িত্ব জনগণকে ভূমিকম্প সম্পর্কে সচেতন করা।
তিনি আশা প্রকাশ করেন, দেশবাসী ধৈর্য ও সাহসিকতার সঙ্গে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি অতিক্রম করবেন, ইনশাল্লাহ।
আরটিভি/এসকে



