
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ প্রথমবারের মতো অংশগ্রহণ করছেন। তার মনোনয়নপত্রে দেওয়া হলফনামা থেকে জানা যায়, তার স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে মোট সম্পদের পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা। এছাড়া তার নামে ব্যাংকে ২৬ লাখ টাকার সোনাও রয়েছে।
হাসনাত আবদুল্লাহ ২০২৫-২৬ অর্থ বছরে বার্ষিক আয় দেখিয়েছেন ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা। তিনি কোন কৃষিজমির মালিক নন। তার পিতা-মাতা, স্ত্রী ও সন্তান তার আয় থেকে নির্ভরশীল।
হলফনামায় উল্লেখ করা হয়েছে, তার কাছে ১ লাখ টাকার আসবাবপত্র ও ৬৫ হাজার টাকার বিভিন্ন ইলেকট্রনিক পণ্য রয়েছে। বর্তমানে তিনি ব্যবসা পরিচালনা করছেন এবং তার ব্যবসার মূলধন ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা। তার পরিবারের কোনো সদস্যের নামে কোনো ঋণ নেই। এছাড়া তার নামে কোনো মামলা বা অভিযোগও নেই।
এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চারবারের নির্বাচিত এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী।
দেবিদ্বার উপজেলা নির্বাচন অফিস জানায়, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনটি ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত। আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১০ হাজার ৫৫৯ জন, যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৫ হাজার ২৩৭ এবং নারী ভোটার ১ লাখ ৯৫ হাজার ৩১৯ জন। ভোটগ্রহণ হবে ১১৬টি কেন্দ্রের ৭২৫টি কক্ষে।
এ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।
আরটিভি/এসকে



