
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির প্রার্থী ড. মুহাম্মদ ওসমান ফারুকের ঘোষিত মোট সম্পদের পরিমাণ ৬ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার টাকা। এর মধ্যে নগদ অর্থ রয়েছে ৩৪ লাখ ৭১ হাজার ৫০০ টাকা। পাশাপাশি তার কাছে ১১ লাখ ৩০ হাজার ৬০৭ মার্কিন ডলার সমপরিমাণ বিদেশি মুদ্রা রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে তার নামে ৫৫ হাজার ডলার মূল্যের একটি স্থাবর সম্পদ রয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কিশোরগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হলফনামায় এসব তথ্য উল্লেখ করেছেন ড. ওসমান ফারুক।
হলফনামা অনুযায়ী, ড. ওসমান ফারুকের বার্ষিক আয় ৫ লাখ ৩০ হাজার টাকা। তাঁর স্ত্রী রানা ফারুকের নামে ৮ হাজার মার্কিন ডলার মূল্যের সম্পদ রয়েছে। স্বামী-স্ত্রী দুজনের কারও ব্যক্তিগত কোনো দেনা নেই।
ড. ওসমান ফারুক হলফনামায় উল্লেখ করেন, তিনি আগে যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। বর্তমানে তিনি দ্বৈত নাগরিক নন। তিনি পিএইচডি ডিগ্রিধারী এবং তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই। পেশা হিসেবে তিনি নিজেকে অবসরপ্রাপ্ত বেসরকারি চাকরিজীবী হিসেবে উল্লেখ করেছেন।
সম্পদ বিবরণীতে দেখা যায়, তার এক একর অকৃষিজমি রয়েছে, যার অর্জনকালীন মূল্য ১০ লাখ টাকা। করিমগঞ্জ উপজেলার বৈরাটিয়াপাড়ায় তাঁর একটি ভবন রয়েছে, যার অধিগ্রহণকালীন মূল্য ২০ লাখ টাকা। এছাড়া উত্তরায় তিনটি এবং গুলশানে একটি অ্যাপার্টমেন্ট রয়েছে, যেগুলোর অধিগ্রহণকালীন মূল্য দেখানো হয়েছে মোট ৫ কোটি টাকা।
হলফনামায় আরও উল্লেখ করা হয়, বাস, ট্রাক, মোটরযান ও মোটরসাইকেলের মূল্য ২৮ লাখ টাকা। ইলেকট্রনিক পণ্যের মূল্য ৭ লাখ টাকা এবং আসবাবপত্রের মূল্য ৫ লাখ টাকা। সোনা ও অন্যান্য মূল্যবান ধাতু ও পাথরে তৈরি গয়নার মূল্য দেখানো হয়েছে ১০ লাখ টাকা।
তবে আয়কর রিটার্ন অনুযায়ী, ড. ওসমান ফারুকের সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৭৪ লাখ ৭১ হাজার ৫০০ টাকা এবং বার্ষিক আয় ৫ লাখ ৩০ হাজার টাকা। তাঁর প্রদত্ত আয়করের পরিমাণ শূন্য।
উল্লেখ্য, ড. মুহাম্মদ ওসমান ফারুক ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন, যা বর্তমানে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন হিসেবে পরিচিত। পরবর্তীতে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।
এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা জানান, কিশোরগঞ্জ-৩ আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ৩ ও ৪ জানুয়ারি এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।
আরটিভি/এসকে



