ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

যারা নারীদের হেয় করছে, তারাই আবার ষড়যন্ত্র করছে: তারেক রহমান

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৪ পিএম
খুলনা নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

যারা নারীদের হেয় করছে, তারাই আবার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল আইডি হ্যাক নিয়ে মিথ্যাচারের অভিযোগ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, একটি রাজনৈতিক দল বলছে তারা ইসলামী শাসন কায়েম করতে চান। কিন্তু নির্বাচনের আগে তারা নারীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করছেন। এরা শুধুমাত্র নিজেদের স্বার্থ নিয়েই কথা বলছে।

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, আমরা দেখছি একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায়। দলটির একজন নেতা পরিষ্কারভাবে নারীদের অসম্মান করেছেন। অথচ আমাদের মহানবীর স্ত্রী বিবি খাদিজা ছিলেন একজন কর্মমুখী নারী এবং সফল ব্যবসায়ী।

জামায়াতকে উদ্দেশ করে তারেক রহমান আরও বলেন, তারা সুযোগ পেলে নারীদের কেমন অপমান করবে, তা একাত্তর সালে আমরা দেখেছিলাম। যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ নিরাপদ হতে পারে না।

জামায়াতের দলেও নারী আছে উল্লেখ করে তিনি বলেন, তারা তো ঘর থেকে বের হচ্ছেন। তাহলে তাদের পরিচয় কী? এখন নারীদের চিন্তা করতে হবে, তাদের (জামায়াত) কীভাবে জবাব দেবে।

সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান এরপর বলেন, একটি মহল বলার চেষ্টা করছে, ভোট গণনায় সময় লাগবে। ষড়যন্ত্র আবার শুরু হয়েছে। যারা নারীদের হেয় করছে, মিথ্যা বলছে তারাই আবার ষড়যন্ত্র করছে। ছলচাতুরীর চেষ্টা করছে। সবাইকে সজাগ থাকতে হবে। এই অধিকার রক্ষায় সতর্ক থাকতে হবে।

তারেক রহমান বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছিলেন। একইভাবে চব্বিশ সালে দেশ রক্ষা করেছে ছাত্রজনতা। ১৬ বছর অনেক আন্দোলন করেছি। গুম-খুনের শিকার হয়েছে বিএনপি। ভোটের অধিকার মানুষ প্রয়োগ করতে পারেনি। জাতীয় নির্বাচন থেকে স্থানীয় নির্বাচনেও একই অবস্থা ছিল। এখন সময় এসেছে। ১২ তারিখে মানুষ তার অধিকার প্রয়োগ করবে। বিএনপি বিশ্বাস করে কথার ফুলঝুরি নয়, দেশকে সামনের দিকে নিতে হবে।

আরও পড়ুন

তিনি বলেন, সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে চাই। বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে বিবেচনা করা হবে। বিএনপির অতীতে রাষ্ট্র পরিচালনায় ছিলাম। আগামী দিনে সরকার গঠন করলে প্রথম দায়িত্ব দেশকে পুনর্গঠন করা। শ্রেণিপেশা নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গঠন করতে হবে।

বিএনপি চেয়ারম্যান বলেন, বিএনপি সরকার গঠন করলে গৃহিণীদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব, যাতে তাদের কারো মুখাপেক্ষী হতে না হয়। শিল্পনগরী মৃতনগরীতে পরিণত হয়েছে। বিএনপি সরকার গঠন করলে জীবিত শিল্প নগরী হিসেবে খুলনাকে গড়ে তুলবো। সেখানেও নারীদের কর্মসংস্থান তৈরি হবে। তরুণদের জন্য আইটি পার্ক গড়ে তুলবো। কৃষকদের কৃষি কার্ড দিতে চাই।

তিনি বলেন, দেশ পুনর্গঠনের প্রতীক ধানের শীষ। দেশের আইনশৃঙ্খলা রক্ষা করার অভিজ্ঞতা বিএনপির আছে। একইসঙ্গে দুর্নীতির করাল গ্রাস থেকে বের করার অভিজ্ঞতা আছে বিএনপির।

তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন, বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন। এটি প্রমাণ করে, বিএনপি জনগণের জন্য কাজ করে। কাঙ্ক্ষিত বাংলাদেশের স্লোগান, ‘করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’। প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। একমাত্র বিএনপির অভিজ্ঞতা আছে দেশ পরিচালনার। সঠিক পথে পরিচালনা করা বিএনপির পক্ষেই সম্ভব।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পরিকল্পিত নাশকতা, ভাঙচুর ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীপুরে ছাত্রদলের বিক্ষোভ
পোশাক শ্রমিকদের ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবির আন্দোলনের সুযোগে শ্রমিকদের সঙ্গে ‘ছদ্মবেশে’ পরিকল্পিত নাশকতা, ভাঙচুর নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ করেছে শ্রীপুর পৌর ছাত্রদল।
পরিকল্পিত নাশকতা, ভাঙচুর ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীপুরে ছাত্রদলের বিক্ষোভ
চিকিৎসার জন্য স্ত্রী ও ছেলেকে নিয়ে সিঙ্গাপুরে ড. খন্দকার মোশাররফ
চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।
চিকিৎসার জন্য স্ত্রী ও ছেলেকে নিয়ে সিঙ্গাপুরে ড. খন্দকার মোশাররফ
‘টানা ৩ মাস রাজপথ পাহারা দিতে হবে’
নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি টানা তিন মাস রাজপথে পাহারা দেওয়ার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
‘টানা ৩ মাস রাজপথ পাহারা দিতে হবে’
নতুন আমির পেল জামায়াতের ২৭ জেলা ও মহানগর শাখা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৭৭টি জেলা ও মহানগর শাখার আমিরের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২৭টি জেলা ও মহানগর শাখায় নতুন আমির নির্বাচিত হয়েছেন। বাকি শাখাগুলোতে আগের আমিররাই পুনর্নির্বাচিত হয়েছেন।
নতুন আমির পেল জামায়াতের ২৭ জেলা ও মহানগর শাখা
শুক্রবার ঢাকায় শোভাযাত্রা করবে গণঅধিকার পরিষদ 
গণঅধিকার পরিষদ এর পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার (৬ই নভেম্বর) ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা করবে দলটি।
শুক্রবার ঢাকায় শোভাযাত্রা করবে গণঅধিকার পরিষদ 
আরও পড়ুন
বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-চীনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতায় সমঝোতা স্মারক সই