ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

এক নজরে মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০২:২৪ পিএম
সদ্য সাবেক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এজন্য ইতোমধ্যে দলীয় সব পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানিয়েছেন, রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় দলের মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল।

দলীয় সূত্রে জানা যায়, আজই (বৃহস্পতিবার) নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দেওয়া হবে। নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টা। ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। ভোটগ্রহণ হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে।

এদিকে, জাতীয় সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলই দেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, এটা অনেকটাই পরিষ্কার। আর তিনি রাষ্ট্রপতি হলে দল ও সরকারে ফাঁকা হয়ে যাবে তিনটি পদ।

ঠাকুরগাঁওয়ের শান্ত জনপদ থেকে উঠে এসে বাংলাদেশের জাতীয় রাজনীতির উত্তাল স্রোতে নিজেকে একজন ধৈর্যশীল, সংযত ও সংগ্রামী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁওয়ে জন্ম নেওয়া মির্জা ফখরুল অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ছাত্রজীবনেই যুক্ত হন রাজনীতির সঙ্গে। ষাটের দশকে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু হয় তার রাজনৈতিক পথচলা।

ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধ—বাঙালির ইতিহাসের দুই গুরুত্বপূর্ণ অধ্যায়ের উত্তাল সময় প্রত্যক্ষ করেছেন তিনি। সেই সময়ের রাজনৈতিক চেতনা, বৈষম্যের বিরুদ্ধে মানুষের ক্ষোভ এবং অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাই পরবর্তী সময়ে তার রাজনৈতিক দর্শনের ভিত গড়ে দেয়।

আরও পড়ুন

শিক্ষাজীবন শেষে সরকারি চাকরিতে যোগ দেন মির্জা ফখরুল। অর্থনীতির শিক্ষক হিসেবে ঢাকা কলেজে শুরু হয় তার কর্মজীবন। কিন্তু, মানুষের ভাগ্য পরিবর্তনের আকাঙ্ক্ষা তাকে বেশিদিন পেশাগত জীবনের গণ্ডিতে আটকে রাখতে পারেনি।

১৯৮৬ খ্রিষ্টাব্দে সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে সক্রিয় রাজনীতিতে যোগ দেন তিনি। জনসম্পৃক্ত রাজনীতিতে ফিরে এসে ১৯৮৮ সালে নির্বাচিত হন ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য এবং নিজের ব্যক্তিত্ব—দুইয়ের সমন্বয়ে স্থানীয় রাজনীতিতে তিনি তৈরি করেন শক্ত অবস্থান।

এরপর স্বৈরাচারবিরোধী আন্দোলনের উত্তাল সময়ে তিনি সরাসরি যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপিতে। শুরু হয় তার জাতীয় রাজনীতির নতুন অধ্যায়। ১৯৯২ সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি করা হয় তাকে।

২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল। বিএনপি নেতৃত্বাধীন সেই সরকারের সময়ে কৃষি এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি; পরে দায়িত্ব পান বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে।

সরকারে থাকাকালীন তার পরিচয় ছিল নীতি নির্ধারণে মনোযোগী একজন রাজনীতিবিদ হিসেবে। কিন্তু, তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় এসে উপস্থিত হয় ওয়ান ইলেভেনের সময়ে। ওয়ান ইলেভেন পরবর্তী সময়ে পরিস্থিতি হয়ে ওঠে আরও কঠিন।

২০০৯ সালের পর শুরু হয় মির্জা ফখরুলের রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন এবং দীর্ঘ সংগ্রামের সময়। বিএনপির কাউন্সিলে তারেক রহমানের ছেড়ে দেওয়া সিনিয়র যুগ্ম-মহাসচিবের দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। এরপর একদিকে তৎকালীন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ প্রবাস জীবন, অন্যদিকে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবাস—দুই কঠিন বাস্তবতার মাঝখানে রাজপথে বিএনপির নেতৃত্বের অন্যতম প্রধান মুখ হয়ে ওঠেন মির্জা ফখরুল।

রাজপথের আন্দোলন, রাজনৈতিক কর্মসূচি, গ্রেপ্তার, মামলা—একটির পর একটি প্রতিকূলতা এসেছে তার সামনে। কখনো কারাগারে, কখনো আদালতের বারান্দায়, কখনো রাজপথে—দীর্ঘ সময় ধরে বিএনপিকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে গেছেন তিনি।

প্রতিদানস্বরূপ ২০১৬ খ্রিষ্টাব্দের ৩০ মার্চ বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পান মির্জা ফখরুল। এর আগে ৫ বছর পালন করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব। দীর্ঘ এ পথচলায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রেখে বিএনপিকে ঐক্যবদ্ধ রাখার কঠিন দায়িত্ব পালন করেছেন তিনি। বিএনপির সাংগঠনিক সংকট, রাজনৈতিক প্রতিকূলতা কিংবা রাজপথের কঠিন মুহূর্ত—প্রায় প্রতিটি ক্ষেত্রেই তাকে দেখা গেছে দলের নেতৃত্বের অন্যতম প্রধান মুখ হিসেবে।

রাজনীতির রুক্ষ বাস্তবতার বাইরেও মির্জা ফখরুল একজন সংবেদনশীল মানুষ। অর্থনীতি ও সাহিত্যের প্রতি তার গভীর অনুরাগ রয়েছে। তার ব্যক্তিত্বে যেমন রয়েছে রাজনৈতিক দৃঢ়তা, তেমনি রয়েছে মানবিকতার কোমল স্পর্শ। আর এ কারণেই রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও প্রতিদ্বন্দ্বী শিবিরের অনেকের কাছেও তিনি পেয়েছেন ব্যক্তিগত শ্রদ্ধা ও সম্মান।

ঠাকুরগাঁওয়ের একজন শিক্ষক থেকে জাতীয় রাজনীতির অন্যতম প্রধান নেতৃত্ব—মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই যাত্রা তাই কেবল একটি রাজনৈতিক জীবনের গল্প নয়। এটি এক ধৈর্যের গল্প; ত্যাগের গল্প। তার এই যাত্রা প্রতিকূলতার বিরুদ্ধে সোজা দাঁড়িয়ে থাকার গল্প; দীর্ঘ রাজনৈতিক পরীক্ষার মধ্যেও আস্থা ধরে রাখার গল্প।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
পুনর্গঠন হচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির তিনজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, দুয়েক দিনের মধ্যে পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় বর্ষপূর্তি: রাজনীতিবিদ ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনির বিরুদ্ধে বেগম খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করার অভিযোগ উঠেছে।
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি
আরও পড়ুন
দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির
তিন দিন ধরে মেয়ে নেই, বাবা-মায়ের উদ্বেগ লক্ষ্য করিনি: রাষ্ট্রপতি
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়নের বিকল্প নেই: রাষ্ট্রপতি
বাল্যবিবাহ ও বৈষম্য রোধে কন্যাশিশুর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির