
বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট, যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী নিয়ন্ত্রিত নির্বাচন রুখে দেওয়ার জন্য যুক্তফ্রন্টের পক্ষ থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় দলের কুড়িল বিশ্বরোডের কেন্দ্রীয় কার্যালয়ে ক্রীড়া ব্যক্তিত্ব ও পেশাজীবীসহ বিভিন্ন দলের নেতা-কর্মীদের বিকল্পধারায় যোগদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
আমরা গণতান্ত্রিক নির্বাচন চাই উল্লেখ করে বিবৃতিতে বি চৌধুরী বলেন, ২০১৪ সালে দেশের মানুষ ভোটাধিকার বঞ্চিত হয়েছে। সংসদের অধিকাংশ আসনে বিনাভোটে সরকারি দলের সদস্যরা ‘নির্বাচিত’হয়েছে। ভোটে অনির্বাচিত সংসদ সদস্যরা মন্ত্রী হয়েছেন, সংবিধান সংশোধন করেছেন এবং অনেকে ব্যাপক দুর্নীতির অংশীদার হয়েছেন। খুলনা, বরিশাল, রাজশাহী, গাজীপুরের সিটি করপোরেশন নির্বাচনে ভোটের আগে বিরোধী দলের এজেন্ট, কর্মী ও নেতাদের গ্রেপ্তার করে সরকারি দল বিজয় ছিনিয়ে নিয়েছে। এই ধরনের নির্বাচন আবার যদি জাতীয় সংসদে হয় তা হলে গণতন্ত্র চিরনির্বাসিত হবে। দেশবাসী আর ছিনিয়ে নেওয়া নির্বাচন হতে দেবে না।
তিনি আরও বলেন, তাই যুক্তফ্রন্ট দেশবাসীর কাছে আহ্বান রাখছে এই ধরনের নিয়ন্ত্রিত নির্বাচন রুখে দিতে হবে। আমরা গণতান্ত্রিক নির্বাচন চাই। সংসদ ও মন্ত্রিসভা ভেঙে দিতে হবে। নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। নির্বাচনের আগে সব রাজবন্দীকে মুক্তি দিতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। প্রয়োজনে সংবিধান সংশোধন করতে হবে।
যুক্তফ্রন্ট চেয়ারম্যান বলেন, দেশে উন্নয়ন হয়েছে, প্রবৃদ্ধি বেড়েছে সন্দেহ নাই। কিন্তু শুধু কয়েক হাজার রাতারাতি হওয়া কোটিপতি এই প্রবৃদ্ধির সিংহভাগ খেয়ে ফেলেছে। সরকারের হিসাবে দেশে এখনও দারিদ্র্যের হার ২২ ভাগের নিচে।
এর আগে বাংলাদেশ গলফ ফেডারেশনের লেডি ক্যাপ্টেন মাহমুদা চৌধুরী, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় নারী কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আম্বিয়া খাতুন শীলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মো. নূর উদ্দিন, চিকিৎসক ডা. মো. শাহাদাত হোসেন, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনসহ বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বি চৌধুরীর হাতে ফুলের তোড়া দিয়ে বিকল্পধারায় যোগদান করেন।
বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও যোগদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিকল্পধারার যুগ্ম-মহাসচিব ও দলের মুখপাত্র মাহী বি চৌধুরী, কেন্দ্রীয় নেতা আবদুর রউফ মান্নান, ব্যারিস্টার ওমর ফারুক, ইঞ্জিনিয়ার মুহম্মদ ইউসুফ, মাহবুব আলী, সাহিদুর রহমান, ওয়াসিমুল ইসলাম, মাহফুজুর রহমান, অধ্যাপক আনোয়ারা বেগম, হাফিজুর রহমান ঝন্টু, ওবায়েদুর রহমান মৃধা, আসাদুজ্জামান বাচ্চু, বিএম নিজাম প্রমুখ।
আরও পড়ুন :
পি




