
সংলাপে সুনির্দিষ্ট কোনও দাবি জানাইনি আমরা।বর্তমান সংবিধানের আলোকে যে ধরনের বিধান আছে সে অনুযায়ী নির্বাচন হোক এ ব্যাপারে আমরা একমত হয়েছি।বললেন জাতীয় পার্টির ( জাপা) কো-চেয়ারম্যান জিএম কাদের।
সোমবার রাত ৯টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় পার্টি নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। গণভবনের ব্যাঙ্কুয়েট হলে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে সংলাপটি শুরু হয়।
সংলাপে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সংলাপে ১৪ দলীয় জোটের ২৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। ইউনাইটেড ন্যাশনাল এলায়েন্স (ইউএনএ) এর ৩৩ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জোটের ও জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ।
জিএম কাদের আরও বলেন, রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচন নিয়ে মতবিনিময় হয়েছে। সেখানে আমাদের পক্ষ থেকে এ আশ্বাস দেয়ো হয়ছে যে আওয়ামী লীগ ও ১৪ দলের সঙ্গে যে সখ্যতা ছিল এবং যেভাবে আমরা নির্বাচন একসঙ্গে করেছিলাম হয়তো ভবিষ্যতে একসঙ্গে করব।
নির্বাচন আসন নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের আসন নিয়ে সুনিদিষ্টভাবে আমাদের কথা হয়নি। তবে উনারা বলেছেন যতটুকু সম্ভব নির্বাচনের আসন আমাদের দেবেন। এ বিষয়ে সুনিদিষ্ট কোনো আসন আমরা চাইনি। উনারাও সুনিদিষ্টভাবে কিছু বলেননি। স্বল্প পরিসরে আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, সব দল নির্বাচনে অংশগ্রহণ করলে মহাজোট আকারে আমরা নির্বাচনে অংশ নেব। যদি বিএনপি নির্বাচনে না আসে তাহলে আমরা ৩০০ আসনে নির্বাচন করব।
এমসি/এমকে




