
নড়াইল-২ আসনে মাশরাফি মহাজোটের প্রার্থী। তবে মহাজোটের সিদ্ধান্ত অনুযায়ী নড়াইলের দুটি আসন থেকেই নির্বাচন করছেন জাতীয় পার্টির প্রার্থীরা। মাশরাফির বিপক্ষে গিয়ে লাঙল নিয়েই লড়ে জয়ী হবে জাপা। এমনটা জানালেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ও নড়াইল জেলা সভাপতি ফায়েকুজ্জামান ফিরোজ।
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল রোববার (৯ ডিসেম্বর)। এদিন ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান প্রার্থিতা প্রত্যাহার করে নেন। তবে জাতীয় পার্টি প্রত্যাহার করেনি। তারা লাঙল প্রতীক নির্বাচন করছেন। প্রত্যাহার না করা প্রসঙ্গে জানতে চাইলে লাঙল প্রতীকের প্রার্থী এ মন্তব্য করেন।
নড়াইল-২ আসনে যারা নির্বাচন করছেন তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত বাংলাদেশ জাতীয় ক্রিকেট ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, ২০ দলীয় জোটের শরিক এনপিপির চেয়ারম্যান এ জেড এম ড ফরিদুজাজামান, ইসলামী আন্দোলনের জেলা শাখার সাধারণ সম্পাদক এসএম নাছির উদ্দিন, এনপিপি (ছালু) জেলা শাখার সভাপতি মো. মনিরুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাহাবুবুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী ফকির শওকত আলী।
জেলা জাতীয় পার্টির (এরশাদ) সভাপতি ফায়েকুজ্জামান ফিরোজ আরটিভি অনলাইনকে জানান, জনগণের সমর্থন নিয়ে জোটের সিদ্ধান্ত অনুযায়ী তারা দুটি আসন থেকেই নির্বাচন করছেন। এ নিয়ে মহাজোটে কোনও সংকট নাই।
নির্বাচনী তফসিল অনুযায়ী আজ সোমবার প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন :
এসজে/এসএস




