ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

সারাদেশে শেষ সময়ের প্রচারণায় প্রার্থীরা

আরটিভি অনলাইন ডেস্ক

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০১৮, ১২:৪০ পিএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র দুই দিন বাকি। আগামীকাল শুক্রবার সকাল থেকেই প্রচার-প্রচারণা বন্ধ। তার আগে সারাদেশে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। মিছিল আর স্লোগানে উত্তপ্ত হয়ে উঠেছে শহরের রাজপথ থেকে গ্রামীণ মেঠোপথ।

প্রায় সাড়ে ১০ কোটি ভোটারের মন জয় করতে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থী ও কর্মীরা। দিচ্ছেন বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি। সূর্য উঠার আগেই ভোটারদের দরজায় কড়া নাড়ছেন ভোট চেয়ে। চলছে মাইকিং।

সাদা-কালো পোস্টারে সয়লাব চারপাশ। একাদশ সংসদ নির্বাচনে প্রধান দুই জোট আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ও বিএনপিকে সঙ্গে নিয়ে গড়া জাতীয় ঐক্যফ্রন্টসহ মোট ৩৯টি দলের প্রার্থীরা নেতাকর্মী, সমর্থকদের নিয়ে দিনরাত এক করে মানুষের কাছে ছুটছেন।

সারাদেশে ৩০০ আসনে মোট ১ হাজার ৮৪৮ জন প্রার্থীর কেউ বসে নেই ঘরে। জমজমাট প্রচারে সিলেট, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা শহরে বিরাজ করছে উৎসবের আমেজ।

বিভাগীয় শহরগুলো যেমন সরগরম, তেমনি ৬৪ জেলার প্রতিটি গ্রামও জেগে উঠেছে ভোটের ডাকে। ৩০ ডিসেম্বর জয়ই এখন সব প্রার্থীর একমাত্র লক্ষ্য।

সারাদেশ থেকে আরটিভি অনলাইনের প্রতিনিধিদের পাঠানো খবর:-

কিশোরগঞ্জ : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের ৬ টি আসনের মধ্যে এবার তিনটি আসনে তিন রাষ্ট্রপতির পুত্র মনোনয়ন পেয়েছেন। কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের পুত্র আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের পুত্র নাজমুল হাসান পাপন, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বতর্মান রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের পুত্র রেজওয়ান আহাম্মদ তৌফিক মনোনয়ন পেয়েছেন। পাপন ও তৌফিক প্রচারণার মাঠে রয়েছেন। তবে অসুস্থ্যতার কারণে মাঠে না থাকলেও সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে দলীয় নেতাকর্মীরা প্রচারণা চালাচ্ছেন।

সিলেট: এ বিভাগের চার জেলার মোট ১৯ আসনে নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছে সব দল। বিশেষ করে সিলেট নগরী নিয়ে গঠিত সিলেট-১ আসনের ভোটের মাঠ বিশেষ নজর কেড়েছে। সম্প্রীতির এই নগরে পাশাপাশি প্রচার চালাচ্ছেন আওয়ামী লীগের আলোচিত প্রার্থী ড. এ কে আবদুল মোমেন ও বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির। বড়দিনের অনুষ্ঠানে একসঙ্গে তাদের কেট কাটার দৃশ্য দেশবাসীকে অভিভূত করেছে। পাশাপাশি দেখা যাচ্ছে তাদের পোস্টার-ব্যানার। এ অবস্থায় সিলেটে সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি আজিজ আহমদ সেলিম বলেন, দু-একটি অভিযোগ, পাল্টা অভিযোগ থাকলেও সব মিলে উৎসবমুখর পরিবেশেই প্রচার চলছে।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, সিলেটে তাদের সব প্রার্থীই মাঠে আছেন। কোনও হামলা, সংঘর্ষ হয়নি। তবে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে তার।

দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সামনে সিলেট-৩ আসনের সব প্রার্থীর পোস্টার শোভা পাচ্ছে। এমনভাবে সিলেট বিভাগের প্রত্যেক আসনেই আওয়ামী লীগ ও তাদের শরিক দলের প্রার্থীর সঙ্গে প্রচারের মাঠে সমানতালে রয়েছেন বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থীরা। কিছু বিচ্ছিন্ন ঘটনা, মামলা-হামলা বাদ দিলে এখানে প্রচারে পিছিয়ে নেই বিএনপি।

চট্টগ্রাম: বাধা উপেক্ষা করেই চট্টগ্রাম মহানগরীর ছয়টি আসনে গণসংযোগে সরব আছেন বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থী এবং তাদের নেতাকর্মীরা। আর দিনরাত মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগ প্রার্থীরা।

বন্দর-পতেঙ্গা আসনে ধানের শীষ প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী গতকাল পর্যন্ত তার এলাকার ১০টি ওয়ার্ডের প্রতিটিতেই গণসংযোগ করেছেন। গতকাল বৃহস্পতিবার সল্টগোলা ক্রসিং ও ইপিজেড এলাকায় ভোট চাইবেন তিনি। একইভাবে ডবলমুরিং-পাহাড়তলী এলাকার প্রতিটি ওয়ার্ডে ভোটারের দ্বারে দ্বারে গিয়েছেন বিএনপি প্রার্থী আবদুল্লাহ আল নোমান। কোতোয়ালি-বাকলিয়া আসনে বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন কারাগারে থাকলেও তার পক্ষে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন ও পেশাজীবী নেতারা প্রতিদিন গণসংযোগ করছেন। নোমান-খসরু দুজন গিয়েও শাহাদাতের পক্ষে কোতোয়ালিতে ভোট চেয়েছেন। বোয়ালখালী-বাকলিয়া আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানও গণসংযোগ দিয়ে সরব আছেন ভোটের মাঠে। একাধিকবার হামলার অভিযোগ করলেও মাঠ ছাড়েননি হাটহাজারী আসনে বিএনপি জোটের কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। সীতাকুণ্ডেও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন ধানের শীষের প্রার্থী ইসহাক চৌধুরী। আমীর খসরু বলেছেন, তারা জয় নিয়েই ঘরে ফিরবেন।

খুলনা: খুলনা বিভাগে উৎসবমুখর পরিবেশে প্রচার চালাচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীরা। তবে কিছু আসনে বিএনপি প্রার্থীরা বাধার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করেছে দলটি। খুলনা বিভাগের অনেক আসনে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীরা সমানতালে প্রচার চালাচ্ছেন।এর মধ্যে খুলনা-২ আসনে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু গতকাল ১৮ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। পরে ধানের শীষের গণমিছিলে নেতৃত্ব দেন। আওয়ামী লীগের প্রার্থী শেখ সালাহ উদ্দিন জুয়েল দিনভর গণসংযোগ করেন। তবে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থী রকিবুল ইসলাম বকুল তাকে অবরুদ্ধ করে তার নির্বাচনী প্রচারে বাধা দেয়ার অভিযোগ করেছেন।

নড়াইলেও ব্যাপক প্রচারণা চালাচ্ছেন দুই দলের প্রার্থীরা।নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ওয়ানডে ক্রিকেটের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সকাল থেকে গণসংযোগ ও পথসভা করে ব্যস্ত সময় পার করেন। মাগুরা-২ আসনে বিএনপি প্রার্থী নিতাই রায় চৌধুরী গতকাল গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন।অন্যদিকে, আওয়ামী লীগের প্রার্থী ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার গতকাল শালিখার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। মাগুরা-১ আসনে বিএনপি প্রার্থী জেলে থাকলেও তার পক্ষে এলাকায় প্রচার চালিয়ে যাচ্ছেন তার কর্মী-সমর্থকরা।

কুষ্টিয়া-৪ আসনে ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী হাসান রুমি গতকাল বুধবার কুমারখালী ও খোকসার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। মাঠে আছেন আওয়ামী লীগের প্রার্থীও।

যশোর-৩ আসনে বিএনপি প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত গতকাল সদরের হাশিমপুর এলাকায় প্রচার চালান। পরে তিনি যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি অভিযোগ করেন, পুলিশি ধরপাকড়ের কারণে সঠিকভাবে প্রচার চালাতে পারছেন না। গতকাল গণসংযোগ থেকে জেলা বিএনপির দুই শীর্ষ নেতাসহ সাতজনকে আটক করা হয়েছে।

এই আসনে আওয়ামী লীগের প্রার্থী কাজী নাবিল আহমেদ সদরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

রাজশাহী: রাজশাহী শহরে জমে উঠেছে ভোটের উৎসব। নগরীর উপশহর মোড় এলাকায় রাস্তার উত্তরে মহাজোট প্রার্থী ফজলে হোসেন বাদশা আর দক্ষিণে বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনুর নির্বাচনী কার্যালয়। দুটি কার্যালয়েই নেতাকর্মী-সমর্থকে ঠাসা। মাইকে বাজছে দু'জনের পক্ষে নির্বাচনী প্রচারের গান। পোস্টার-ব্যানারসহ পুরো শহরেই ভোটের আমেজ। মিনু কয়েকদিন ধরেই বড় বড় প্রচার মিছিল বের করছেন।তিনি বলেছেন, আমরা বিজয় নিয়েই ঘরে ফিরব।

শেষ সময়ে এসে নওগাঁর সদর আসনে চলছে উৎসবমুখর পরিবেশে প্রচার। এ আসনে বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর আশা, তারাই বিজয়ী হবেন। নাটোর-১ আসনে চূড়ান্ত প্রার্থী নিয়ে জটিলতার কারণে মাঠে ছিল না বিএনপি। ভোটের তিন দিন আগে মাঠে নেমেই প্রচার শুরু করেছেন দলটির প্রার্থী অধ্যক্ষ কামরুন নাহার শিরিন। আগে থেকেই মাঠে আছেন আওয়ামী লীগের প্রার্থী শহিদুল ইসলাম বকুলসহ (নৌকা) এ আসনের মোট ছয় প্রার্থী।

বগুড়ার সাতটি আসনের মধ্যে যে ছয়টিতে দলীয় প্রার্থী রয়েছে তার মধ্যে এখন পর্যন্ত বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) ও বগুড়া-৬ (সদর) আসনেই কেবল বিএনপির নেতাকর্মীরা নির্বিঘ্নে প্রচার চালিয়ে যাচ্ছেন। বাকি চারটি আসনের মধ্যে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) এবং বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে একাধিক হামলা ও মামলার ঘটনা ঘটেছে।

সিরাজগঞ্জের ছয়টি আসনে বিএনপি প্রার্থীদের গণসংযোগে বাধা দেয়ার অভিযোগ করলেও তারা প্রচার চালিয়ে যাচ্ছেন। এদিকে, সেনা সদস্যরা মাঠে নামার পর পাবনার পাঁচটি আসনে ঐক্যফ্রন্ট এবং বিএনপির প্রার্থীরা ব্যাপকভাবে মাঠে প্রচার শুরু করেছেন। তবে পাবনা-৪ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব প্রতিপক্ষের হামলার শিকার হওয়া ছাড়া অন্য চার প্রার্থী গতকাল বুধবার নির্বিঘ্নে প্রচার চালিয়েছেন।

রংপুর: শেষ মুহূর্তের প্রচারে সরগরম রংপুরের ছয়টি সংসদীয় আসন। নির্বাচনের দিন ঘনিয়ে আসায় রাত-দিন এক করে নিজ প্রতীকে ভোট চাইছেন প্রার্থী ও কর্মী-সমর্থকরা। নাওয়া-খাওয়া ভুলে কাকডাকা ভোর থেকে গভীর রাত অবধি চলছে গণসংযোগ। রংপুর-১ গঙ্গাচড়া আসনে মহাজোটের প্রার্থী মসিউর রহমান গতকাল বিকেলে ঢাকা থেকে এসে তার সংসদীয় আসনের হাজীরহাটে পথসভা করেন। প্রচারে পিছিয়ে থাকলেও শেষ চেষ্টা করছেন ঐক্যফ্রন্টের প্রার্থী নাগরিক ঐক্যের শাহ রহমত উল্লাহ। রংপুর বিভাগের অন্য সব আসনে উন্নয়নের চিত্র তুলে ধরে ভোট চাইছেন মহাজোট প্রার্থীরা।অন্যদিকে, নানা প্রতিশ্রুতি নিয়ে শেষ সময়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করে যাচ্ছেন ঐক্যফ্রন্ট ও বিএনপি প্রার্থীরা।

ময়মনসিংহ: ময়মসিংহের ১১টি নির্বাচনী এলাকায় শেষ মুহূর্তের নির্বাচনী প্রচার চলছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি উৎসবমুখর পরিবেশে প্রচারণায় অংশ নিলেও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা ময়মনসিংহ-৪ (সদর) ও ময়মনসিংহ-১১ (ভালুকা) ছাড়া অন্য এলাকায় বাধার মুখে পড়ছেন বলে অভিযোগ করেছেন।

জেবি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নির্বাচন কমিশনে স্মারকলিপি দেবে ঐক্যফ্রন্ট: ড. কামাল
জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, আগামী ৩ জানুয়ারি জোটের প্রার্থীসহ সকল বিরোধী দলের প্রার্থীদের নিয়ে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়ে আমরা কর্মসূচি ঘোষণা করবো। এসময় তিনি নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে নির্দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানান। নির্বাচনের ফলাফলে বিপুল ভোটে পরাজয়ের পর আজ এক সোমবার লিখিত বিবৃতিতে মাঠে কর্মসূচি দেওয়ার কথা বললেন ড. কামাল। বিবৃতিতে ড. কামাল বলেন, “গতকাল ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নামে যে প্রহসনমূলক নাটক মঞ্চস্থ হলো, তা সমগ্র দেশবাসী প্রত্যক্ষ করেছেন এবং তা হাড়ে হাড়ে উপলব্ধি করেছেন। একটি স্বাধীন ও সার্বভৌম দেশের নির্বাচনী ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করতে হয়েছে, তা এদেশের মানুষসহ সমগ্র বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের আজ্ঞাবহ প্রধান নির্বাচন কমিশনার।’ ‘এই কথিত নির্বাচনে আওয়ামী লীগের দলীয় সরকারকে বিজয়ী দেখালেও প্রকারান্তরে হেরেছে বাংলাদেশ ও তার ১৭ কোটি মানুষ। এর মধ্য দিয়ে কবর রচিত হয়েছে আমাদের বহু আকাঙ্ক্ষিত গণতন্ত্রের।’ কর্মসূচি ঘোষণার ব্যাপারে তিনি বলেন, ‘সার্বিক অবস্থা বিবেচনা করে জাতীয় ঐক্যফ্রন্ট কথিত নির্বাচনের ফলাফল ঘৃণাভরে প্রত্যাখ্যান করে নির্দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানিয়েছে। এই নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচনের দাবিতে আগামী ৩ জানুয়ারি ঐক্যফ্রন্টের প্রার্থীগণসহ সকল বিরোধী দলের প্রার্থীগণ নির্বাচন কমিশনে স্মারকলিপি প্রদান করবেন এবং কর্মসূচি ঘোষণা করা হবে।’ পি
নির্বাচন কমিশনে স্মারকলিপি দেবে ঐক্যফ্রন্ট: ড. কামাল
প্রশ্নবিদ্ধ ভোটের ফলাফল নিয়ে বিচার বিভাগীয় তদন্ত চায় টিআইবি
একাদশ নির্বাচনে দেশের বিভিন্ন অঞ্চলে সহিংসতায় ১৯ জন নিহত এবং বলপ্রয়োগসহ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের ফলে ফলাফল প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এছাড়া রাজধানী ঢাকাসহ সারাদেশে গণপ্রতিনিধিত্ব আদেশ লঙ্ঘনের যে সব অভিযোগ গণমাধ্যম সূত্রে জানা গেছে, তার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে সংস্থাটি। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান সোমবার এক বিবৃতিতে এ দাবি জানান। তিনি বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা ও বলপ্রয়োগসহ নির্বাচনী আচরণবিধির বহুমুখী লঙ্ঘনের যেসব অভিযোগের কারণে নির্বাচন ও ফলাফল প্রশ্নবিদ্ধ হয়েছে, তার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের ওপর ভিত্তি করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা শুরু থেকেই সব পক্ষের জন্য সমান প্রতিযোগিতার ক্ষেত্র নিশ্চিত করার দাবি জানিয়ে এসেছি। কিন্তু দেশীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একটি প্রতিদ্বন্দ্বী জোটের প্রার্থী ও সমর্থকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা, হামলা ও নির্যাতনের সংবাদ প্রচারিত হয়েছে, যা গণতন্ত্রের জন্য অশনিসংকেত। এমনকি নির্বাচনের আগের রাতে এবং নির্বাচনের দিনও এমন হয়রানি চলেছে বলে অভিযোগ উঠেছে। সবচেয়ে বড় আশঙ্কার বিষয় হলো, এতে গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি দেশের জনগণের আস্থাহীনতা সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।’ টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, ‘একটি জোটের পোলিং এজেন্টরা বেশিরভাগ ক্ষেত্রে ভোটকেন্দ্রে আসতে না পারার অভিযোগের বিষয়টি যেভাবে প্রধান নির্বাচন কমিশনার এড়িয়ে যেতে চেয়েছেন তা একদিকে যেমন বিব্রতকর, অন্যদিকে তার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব কার্যকরভাবে পালন করতে পেরেছে কিনা সে উদ্বেগ আরও ঘনীভূত করেছে।’ ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘গণপ্রতিনিধিত্ব আদেশ লঙ্ঘন করে মধ্যাহ্ন ভোজের বিরতির নামে ভোটগ্রহণ বন্ধ রাখার মতো ন্যক্কারজনক ঘটনা ঘটেছে খোদ রাজধানীতেই। জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যেভাবে সচিত্র প্রতিবেদন আকারে এ খবর প্রকাশিত হয়েছে তাকে অপপ্রচার বলে উড়িয়ে দেয়ার সুযোগ নেই। এছাড়াও ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই ব্যালট পেপার ভর্তি বাক্স নিয়ে বেরিয়ে যাওয়া, বহু ভোটার ভোট দেয়ার আগেই ব্যালট পেপার শেষ হয়ে যাওয়া, প্রার্থীকে ভোট কেন্দ্রে শারীরিকভাবে লাঞ্ছিত করা ইত্যাদি ঘটনার প্রতিটির সুষ্ঠু তদন্ত হওয়া অত্যন্ত জরুরি বলে মনে করে টিআইবি।’ অভূতপূর্ব নির্বাচনের মাধ্যমে সৃষ্ট অভূতপূর্ব ফলাফলের ওপর ভিত্তি করে যে নতুন সরকার গঠিত হবে তার আত্মবিশ্বাস, মর্যাদা, আস্থা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করার স্বার্থেই এ তদন্ত অবশ্যকরণীয় বলে মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক। আরো পড়ুন :  সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা পি
প্রশ্নবিদ্ধ ভোটের ফলাফল নিয়ে বিচার বিভাগীয় তদন্ত চায় টিআইবি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
এ নির্বাচন কলঙ্কিত হয়ে থাকবে: ফখরুল
কখনোই দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না এটাই প্রমাণিত হয়েছে। এ নির্বাচন কলঙ্কিত হয়ে থাকবে। বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এ নির্বাচন সুপরিকল্পিতভাবে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। তফসিল ঘোষণার পরপরই প্রশাসনের সহযোগিতায় ব্যালটে আগেই সিল মারা হয়েছিল। তাই আমরা এ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করছি। এসময় প্রত্যাখ্যান শব্দটি কয়েকবার উচ্চারণ করেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আমাদের দলের ২১ হাজারের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে শত শত মামলা দেওয়া হয়েছে। এ নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন করে নির্বাচন দেওয়ার দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এত নির্যাতনের পরেও বিএনপি নির্বাচনে গিয়েছিল, গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার জন্য। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে। নতুন নির্বাচনের জন্য শিগগিরই কর্মসূচি দেয়া হবে। তিনি আরও বলেন, নির্বাচনের পরে নেতাকর্মীদের বাড়ি পুড়িয়ে দেয়াসহ হামলা ভাংচুর করা হচ্ছে। সারাদেশে বিএনপির ২১ হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে তিল ধারণের ঠাঁই নেই। ঢাকার বাইরের কারাগারগুলোতেও একই অবস্থা। অবিলম্বে এসব বন্দীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি। এসময় লিগ্যালি কার্যক্রমের পাশাপাশি আন্দোলনও চলবে বলে জানান ফখরুল। গতকাল রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এরমধ্যে স্থগিত রয়েছে একটি আসনের ফল। প্রার্থীর মৃত্যুর কারণে ভোট হয়নি একটিতে। নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট জয় পেয়েছে ২৮৮টি আসনে। বিএনপি নেতৃত্বাধীন মহাজোট জাতীয় ঐক্যফ্রন্ট ৭টি আসনে জয় পেয়েছে।  পরে রাতে জাতীয় ঐক্যফ্রন্ট ভোট প্রত্যাখান করে। এমসি/পি
এ নির্বাচন কলঙ্কিত হয়ে থাকবে: ফখরুল
আরও পড়ুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
এ নির্বাচন কলঙ্কিত হয়ে থাকবে: ফখরুল
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী