
দেশের সব উপজেলা ও থানায় আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে দলীয় নেতাকর্মীদেরকে জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
একইসঙ্গে কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে সংশ্লিষ্ট শাখার নেতাকর্মীদের আহ্বান জানানোর পাশাপাশি দেশবাসীর সহযোগিতা কামনা করেছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ১১ দলীয় ঐক্যের ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টি, জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, বিক্ষোভ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সর্বাত্মকভাবে সফল করার জন্য আমি সংশ্লিষ্ট উপজেলা/থানা শাখা জামায়াতের প্রতি আহ্বান জানাচ্ছি এবং দেশবাসী সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
বিবৃতিতে সোমবার (৩০ নভেম্বর) দেশের সব উপজেলা ও থানায় জামায়াতের পূর্বঘোষিত এ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য সংশ্লিষ্ট নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
আরটিভি/এসএইচএম


