
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া। এক বিবৃতিতে এ কথা জানান তিনি।
এ সময় তিনি দলটির অপর দুই নেতা হান্নান মাসউদ ও নিজাম উদ্দিনের বিরুদ্ধে নানা অভিযোগ আনেন।
বিবৃতিতে তিনি জানান, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক পদসহ সব দায়িত্ব ও সংশ্লিষ্টতা থেকে পদত্যাগ করছি।’
সুলতান মোহাম্মদ জাকারিয়া বলেন, আমি সরাসরি রাজনীতির মানুষ না, কিন্তু জুলাই-পূর্ব বাংলাদেশের চরম দুঃসময়ে বাংলাদেশের পক্ষে কাজ করেছি। জুলাইয়ের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় গণতান্ত্রিক রাজনীতিতে তরুণদের রাজনীতি সংগঠিত করতে সহায়তা করব, এই লক্ষ্যে এনসিপিতে যোগ দিয়েছিলাম। প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক, আন্তর্জাতিক সম্পাদক, নির্বাহী পরিষদ সদস্য, বিভিন্ন সেল ও উইংয়ের সদস্য এবং নোয়াখালী-২ আসনে দলের প্রার্থী হিসেবে সাধ্যমতো কাজ করার চেষ্টা করেছি।
জাকারিয়ার অভিযোগ, শুরু থেকেই দলের অভ্যন্তরীণ গণতন্ত্র প্রতিষ্ঠা, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে দলীয় ফোরাম এবং নেতৃত্বকে বিভিন্ন পরামর্শ দিয়ে আসছিলেন। তবে দলের প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার প্রচেষ্টা প্রত্যাশা অনুযায়ী সফল হয়নি। তারপরও তরুণ নেতৃত্ব সময়ের সঙ্গে অভিজ্ঞতা অর্জন করবে— এমন আশায় ধৈর্য ধরেছিলেন তিনি।
পদত্যাগের অন্যতম কারণ হিসেবে নোয়াখালীতে দলীয় কর্মসূচি ঘিরে অপমান ও হেনস্তার অভিযোগ তুলেছেন এই নেতা। তার দাবি, চলতি বছরের জুলাইয়ে নোয়াখালীতে এনসিপির একটি কর্মসূচি চলাকালে দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব নিজাম উদ্দিন এবং যুগ্ম আহ্বায়ক হান্নান মাসউদের অনুসারীরা বিনা উসকানিতে তাকে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন এবং অপমান-অপদস্থ করেন।
জাকারিয়ার অভিযোগ, নোয়াখালীর রাজনীতিতে প্রচলিত গ্রুপিং, মাস্তানি, টেন্ডারবাজি ও দুর্বৃত্তপনার রাজনীতির পথে তার উপস্থিতি সংশ্লিষ্টদের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। এ কারণে দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে হেনস্তা করা হয়েছে। বিষয়টি তিনি একাধিকবার দলের শীর্ষ নেতৃত্বকেও জানিয়েছিলেন।
তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিযোগিতাকে একপর্যায়ে ব্যক্তিগত আক্রমণ, গালাগালি ও হুমকির পর্যায়ে নিয়ে যাওয়া হয়। এসব ঘটনার প্রতিকার চেয়ে নিয়ম মেনে দলের শৃঙ্খলা কমিটির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন তিনি। পাশাপাশি দলের আহ্বায়কসহ দায়িত্বশীল নেতাদের একাধিকবার বিষয়টি অবহিত করেন।
কিন্তু প্রায় পাঁচ মাস অপেক্ষা এবং বারবার তাগাদা দেওয়ার পরও কোনো প্রতিকার পাননি বলে দাবি করেছেন জাকারিয়া। উল্টো অভিযোগের নিষ্পত্তি হওয়ার আগেই অভিযুক্তদের কয়েকজনকে দলের আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এ পরিস্থিতিতে তার সামনে দুটি পথ খোলা ছিল বলে বিবৃতিতে জানান জাকারিয়া। একটি হলো হান্নান মাসউদ ও নিজাম উদ্দিনদের সঙ্গে পাল্লা দিয়ে প্রচলিত অসৎ রাজনীতিতে জড়িয়ে পড়া, অন্যটি সম্মানের সঙ্গে দল ছেড়ে চলে যাওয়া। তিনি দ্বিতীয় পথটিই বেছে নিয়েছেন।
নিজের আত্মমর্যাদার প্রসঙ্গ তুলে জাকারিয়া বলেন, ব্যক্তিজীবনে তিনি সব সময় সম্মান ও মর্যাদা নিয়ে চলেছেন। আত্মমর্যাদা ও জবাবদিহির প্রশ্নে আপস করে বিশেষ কোনো অর্জন তার কাম্য নয়।
তবে পদত্যাগ করলেও এনসিপির প্রতি শুভকামনা জানিয়েছেন তিনি। দলটিকে নিজের জাতীয় রাজনীতির প্রথম দল এবং প্রথম প্রেমের মতো উল্লেখ করে জাকারিয়া বলেন, এই ইতিহাস তিনি কখনও অস্বীকার করবেন না।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন ও মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে প্রতিভাবান ও সম্ভাবনাময় রাজনীতিক হিসেবে অভিহিত করে তাদের প্রতি শ্রদ্ধা ও শুভকামনা জানান তিনি। দলের অনেক সহকর্মীর মধ্যে বাংলাদেশের প্রতি অকৃত্রিম অঙ্গীকার ও আত্মত্যাগের প্রস্তুতি দেখেছেন বলেও উল্লেখ করেন।
একইসঙ্গে এনসিপিকে নিজেদের পরিশুদ্ধ রাখার এবং জবাবদিহির প্রশ্নে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান জাকারিয়া। তার আশংকা, দল বড় হওয়ার সঙ্গে সঙ্গে হান্নান মাসউদ ও নিজাম উদ্দিনের মতো রাজনৈতিক চরিত্রের মানুষের সংখ্যা বাড়তে পারে।
পদত্যাগের পর নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন সুলতান মোহাম্মদ জাকারিয়া। তিনি জানান, এখনও তার পরবর্তী কোনো রাজনৈতিক গন্তব্য ঠিক হয়নি। তবে বাংলাদেশের স্বার্থে অতীতের মতো ভবিষ্যতেও দলীয় পরিচয়ের বাইরে থেকে কাজ করে যাওয়ার ইচ্ছা রয়েছে।
আরটিভি/এসএস


