ভূমিকম্প বা যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মানুষের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এক ধরনের সতর্কবার্তা। এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, আশ্রয় চাওয়া এবং ধৈর্য ধারণ করাই একজন মুসলমানের করণীয়। কুরআন-হাদিসে এসব দুর্যোগকে আল্লাহর মহাশক্তির নিদর্শন হিসেবে উল্লেখ করা হয়েছে।
সুরা আন’আমে আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের ওপর থেকে কিংবা তোমাদের পায়ের নিচ থেকে শাস্তি পাঠাতে সক্ষম। এ আয়াত স্পষ্ট করে, আকাশের দুর্যোগ (ঝড়, শিলাবৃষ্টি) বা জমিনের দুর্যোগ (ভূমিকম্প) সবই আল্লাহর ইচ্ছাধীন। আরেক স্থানে বলা হয়েছে, আমি ভয় প্রদর্শনের জন্যই নিদর্শন পাঠাই। অর্থাৎ এগুলো মানুষকে সতর্ক করে, আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান জানায়।
ভূমিকম্পের সময় যে দোয়া ও জিকির করবেন
১. হযরত ইউনুস (আ.)-এর দোয়া, যেকোনো বড় বিপদ থেকে মুক্তির শক্তিশালী দোয়া: আরবি: لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ
অর্থ: “তুমি ছাড়া কোনো উপাস্য নেই; তুমি পবিত্র, আমি নিপীড়িতদের একজন।” (সুরা আম্বিয়া: ৮৭)
২. সার্বক্ষণিক সুরক্ষার দোয়া
ভোর ও সন্ধ্যায় তিনবার পাঠ করলে আল্লাহ ক্ষতি থেকে রক্ষা করেন। আরবি: بِسْمِ اللَّهِ الَّذِي لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ…
অর্থ: আল্লাহর নামে যার বরকতে আকাশ-মাটির কিছুই ক্ষতি করতে পারে না। (হাদিস: আবু দাউদ, তিরমিজি)
৩. বিভিন্ন ধরনের দুর্ঘটনা থেকে আশ্রয় চাওয়ার দোয়া
রাসুল (সা.) পড়তেন, আরবি দোয়া: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَدْمِ وَأَعُوذُ بِكَ مِنَ التَّرَدِّي وَأَعُوذُ بِكَ مِنَ الْغَرَقِ وَالْحَرَقِ وَالْهَرَمِ وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ فِي سَبِيلِكَ مُدْبِرًا وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِيغًا
বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল হাদমি ওয়া-আউযুবিকা মিনাত তারাদ্দি, ওয়া-আউযুবিকা মিনাল গারাকি ওয়াল-হারাকি ওয়াল-হারাম, ওয়া-আউযুবিকা আন-ইয়াতাখব্বাতানিশ শাইতনু ইনদাল মাওতি, ওয়া-আউযুবিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরান ওয়া-আউযুবিকা আন-আমুতা লাদি-গান।
কোরআনে বর্ণিত এই আয়াতটি পাঠ করা যেতে পারে, যা ইবরাহিম (আ.)-এর জন্য আগুনকে শীতল ও শান্তিতে রূপান্তরিত করেছিল:
আরবি দোয়া: يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَىٰ إِبْرَاهِيمَ
উচ্চারণ: ইয়া না-রু কুউনি বারদান ওয়া-সালামান আলা ইবরাহিম। অর্থ: ‘হে আগুন! তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও।’ (সুরা আম্বিয়া: ৬৯)
ভূমিকম্প চলাকালীন করণীয় জিকির
.ইস্তিগফার: বেশি বেশি “আস্তাগফিরুল্লাহ”
.তাওহীদের জিকির: “লা ইলাহা ইল্লাল্লাহ”
.আল্লাহর প্রতি ভরসা: “হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল”
এসব জিকির হৃদয়ে শান্তি এনে দেয় এবং বিপদে আল্লাহর সাহায্য কামনা করতে সহায়তা করে।
ভূমিকম্প থেমে গেলে কী করবেন
১. নফল সালাত
আল্লাহর কাছে নিরাপত্তা ও রহমত চেয়ে দুই রাকাত নফল নামাজ আদায়।
২. সাদকা প্রদান
হাদিসে বলা হয়েছে দান-সাদকা আল্লাহর ক্রোধকে প্রশমিত করে। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো অত্যন্ত সওয়াবের কাজ।
৩. ধৈর্য ও কৃতজ্ঞতা
“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন” পাঠ করে সবকিছু আল্লাহর হাতে সোপর্দ করা।
ইসলামিক চিন্তাবিদরা বলেন, প্রাকৃতিক দুর্যোগ হলো আত্মসমালোচনার সময়। পাপ থেকে দূরে থাকা, আল্লাহর দিকে ফিরে আসা এবং ইবাদতে মনোযোগী হওয়াই এ ধরনের বিপর্যয়ে সবচেয়ে বড় নিরাপত্তা।
রাসুল (সা.)ও উপদেশ দিয়েছেন, বিপদের সময় আতঙ্ক নয়, বরং আল্লাহর দিকে রুজু করা এবং তাঁর কাছে আশ্রয় চাওয়াই প্রকৃত সমাধান।
আরটিভি/এসকে




