
স্বামী স্ত্রীকে ‘বোন’ কিংবা স্ত্রী স্বামীকে ‘ভাই’ বলে সম্বোধন করলে কি বৈবাহিক সম্পর্কের অবসান ঘটে? এমন প্রশ্ন অনেকের মনেই রয়েছে। কেউ স্নেহ থেকে, কেউ অভ্যাসবশত, আবার কেউ মজা করেও স্বামী-স্ত্রীকে এ ধরনের সম্বোধন করে থাকেন। তবে ইসলামি শরিয়তে এ বিষয়ে কী বিধান রয়েছে?
ইসলামি ফিকহ অনুযায়ী, শুধু স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ বলে সম্বোধন করলেই স্বামী-স্ত্রীর বৈবাহিক সম্পর্ক ভেঙে যায় না। তবে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে এ ধরনের সম্বোধন করার ক্ষেত্রে তাঁর উদ্দেশ্য ও কথার প্রেক্ষাপট বিবেচনায় শরয়ি বিধান ভিন্ন হতে পারে।
হানাফি ফিকহভিত্তিক ফতোয়া অনুযায়ী, স্ত্রী স্বামীকে ‘ভাই’ বলে ডাকলে তা জিহার হিসেবে গণ্য হয় না। এতে বৈবাহিক সম্পর্কেরও কোনো পরিবর্তন ঘটে না।
এ বিষয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং ইসলামি চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহ বলেছেন, স্বামীকে ‘ভাই’ বা স্ত্রীকে ‘বোন’ বলে সম্বোধন করা অনুচিত।
একটি হাদিসের উল্লেখ করে তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর সামনে এক সাহাবি তাঁর স্ত্রীকে এ ধরনের সম্বোধন করলে তিনি বিষয়টি পছন্দ করেননি।
ইসলামি বিধান অনুযায়ী, এ ধরনের সম্বোধনের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। বিশেষ করে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে এমন কথা বলার ক্ষেত্রে উদ্দেশ্য ও প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ। তাই নির্দিষ্ট কোনো ঘটনায় শরয়ি বিধান জানার প্রয়োজন হলে যোগ্য আলেম বা মুফতির পরামর্শ নেওয়া উচিত।
আরটিভি/এসকে


