
ইসলামে মদ পান করা সম্পূর্ণ হারাম। তবে যে পাত্র বা বোতলে আগে মদ রাখা হয়েছিল, সেটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করার পর পানি বা অন্য কোনো হালাল পানীয় রেখে সেই পানি পান করলে শরিয়তের দৃষ্টিতে কোনো সমস্যা আছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের মনেই ।
বিশেষ করে হোটেল, রেস্তোরাঁ কিংবা বিভিন্ন অনুষ্ঠানে মদের বোতলের আদলে তৈরি পাত্রে পানি পরিবেশন করতে দেখা যায়। এ ধরনের বোতল ব্যবহারের বৈধতা নিয়ে ধর্মপ্রাণ মানুষের মধ্যে সংশয় তৈরি হয়। ইসলামি শরিয়ত ও হাদিসের আলোকে বিষয়টি নিয়ে রয়েছে সুস্পষ্ট নির্দেশনা।
ইসলামে মদ ও সব ধরনের নেশাদ্রব্য পান করা নিষিদ্ধ। পবিত্র কোরআনে মহান আল্লাহ মদকে শয়তানের কাজ হিসেবে উল্লেখ করে তা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! মদ, জুয়া, মূর্তিপূজা ও ভাগ্য নির্ধারক তির অপবিত্র, শয়তানের কাজ। সুতরাং তোমরা এগুলো থেকে দূরে থাকো, যাতে সফলকাম হতে পারো।’ (সুরা মায়িদা, আয়াত: ৯০)
হাদিসেও মাদকদ্রব্যের ব্যাপারে কঠোর সতর্কবার্তা এসেছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রত্যেক নেশাদ্রব্যই মদ এবং প্রত্যেক মদই হারাম।’ (সহিহ মুসলিম)
ইসলামের প্রাথমিক যুগে মদ নিষিদ্ধ হওয়ার পর কিছু নির্দিষ্ট ধরনের পাত্র ব্যবহার করতেও নিষেধ করা হয়েছিল। মূলত মদ সংরক্ষণ ও পান করার কাজে ব্যবহৃত এসব পাত্র নিয়ে সতর্কতা অবলম্বনের জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছিল।
তখন মুসলমানদের মধ্যে মদ্যপানের পুরোনো অভ্যাস দূর করার বিষয়টিও গুরুত্বপূর্ণ ছিল। মদ রাখার পাত্র ব্যবহারের মাধ্যমে যেন কেউ আবার পুরোনো অভ্যাসের প্রতি আকৃষ্ট না হয়, সে বিষয়েও সতর্কতা ছিল।
তবে পরবর্তী সময়ে রাসুলুল্লাহ (সা.) পাত্র ব্যবহারের ওপর আরোপিত সেই নিষেধাজ্ঞা তুলে নেন। তবে মদ ও নেশাদ্রব্যের নিষিদ্ধতা বহাল থাকে।
হজরত ইবনে বুরাইদা (রা.) তার পিতার সূত্রে বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আমি তোমাদের কিছু পাত্র ব্যবহার করতে নিষেধ করেছিলাম। মূলত পাত্র কোনো কিছুকে হালালও করে না, আবার কোনো কিছুকে হারামও করে না। তবে প্রতিটি মাদকদ্রব্য হারাম।’ (সহিহ মুসলিম: ৫৩২৬)
ইসলামি শরিয়তের মূলনীতি অনুযায়ী, কোনো পাত্রে আগে মদ রাখা হয়েছিল বলেই সেটি স্থায়ীভাবে অপবিত্র বা ব্যবহার অনুপযোগী হয়ে যায় না। বরং যথাযথভাবে পরিষ্কার করে পবিত্র করা হলে সেটি পুনরায় ব্যবহার করা যায়।
অর্থাৎ, মদের বোতল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করার পর যদি তাতে মদের কোনো অবশিষ্টাংশ বা নাপাকির চিহ্ন না থাকে, তাহলে সেই বোতলে পানি কিংবা অন্য কোনো হালাল পানীয় রাখা এবং পান করা জায়েজ।
এ ক্ষেত্রে বোতলটির আগের ব্যবহার পাত্রটিকে স্থায়ীভাবে হারাম করে দেয় না। পাত্রের পবিত্রতা নিশ্চিত হওয়াই মূল বিষয়।
আরটিভি/ এসকেডি



