ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

বাংলাদেশের আকাশে চলতি মাসেই দেখা যাবে ৫ মহাজাগতিক দৃশ্য 

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২৪ পিএম
প্রতীকী ছবি

চলতি অক্টোবরে বাকি ১৩ দিনে দারুণ কিছু মহাজাগতিক ঘটনা ঘটতে যাচ্ছে বাংলাদেশের আকাশে। মৌসুমের এই সময়টাতে সাধারণত বৃষ্টি ও মেঘের আনাগোনা কম থাকায় পরিষ্কার ও স্বচ্ছ থাকে আকাশ। ফলে তারা, গ্রহ এবং উল্কাবৃষ্টি পর্যবেক্ষণের জন্য এটি আদর্শ পরিবেশ সৃষ্টি হয় আকাশে।

চলতি মাসের বাকি দিনগুলোতে পাঁচটি আকর্ষণীয় দৃশ্য দেখার সুযোগ আছে রাতের আকাশে। বিশ্বের অন্যতম জনপ্রিয় জ্যোতির্বিজ্ঞান বিষয়ক সাময়িকী ‘অ্যাস্ট্রোনমি’ ম্যাগাজিনের অফিসিয়াল ওয়েবসাইট অ্যাস্ট্রোনমি ডট কমে পাওয়া গেছে এ তথ্য।

ওরিওনিড উল্কাবৃষ্টি: অক্টোবরের শেষ পাক্ষিকের অন্যতম প্রধান আকর্ষণ হলো ওরিওনিড উল্কাবৃষ্টি। বিখ্যাত হ্যালির ধূমকেতুর রেখে যাওয়া ধূলিকণা থেকে এই উল্কাবৃষ্টির সৃষ্টি হয়। আগামী ২১ থেকে ২২ অক্টোবরের গভীর রাতে এই উল্কাবৃষ্টি তার শিখরে পৌঁছাবে। এই সময়ে চাঁদের আলো থাকলেও মাঝরাতের আগেই তা অস্ত যাবে। ফলে গভীর রাত থেকে ভোরের আলো ফোটার পূর্ব পর্যন্ত আকাশ সম্পূর্ণ অন্ধকার থাকবে, যা উল্কা দেখার জন্য সেরা সুযোগ তৈরি করবে। এই সময়ে অন্ধকার ও পরিষ্কার আকাশে প্রতি ঘণ্টায় ১৫ থেকে স্পষ্ট উল্কা ছুটে যাওয়া দেখা যাবে।

শনি গ্রহের উপস্থিতি: সেপ্টেম্বরে পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান নেওয়ার পর, অক্টোবরের শেষভাগেও শনি গ্রহ সন্ধ্যার আকাশে উজ্জ্বলভাবে বিরাজ করবে। সূর্যাস্তের পরপর দক্ষিণ-পূর্ব আকাশে শনিকে সহজে চিহ্নিত করা যাবে। এটি রাতের প্রথমভাগে মাথার ওপরের দিকে অবস্থান নেবে এবং মধ্যরাতের পর পশ্চিমের আকাশে ঢলে পড়বে। শনি স্থির ও ঈষৎ হলুদ-সোনালি আভায় জ্বলবে। একটি বাইনোকুলার বা ছোট টেলিস্কোপ ব্যবহার করলে এর মনোমুগ্ধকর বলয় এবং বড় উপগ্রহ টাইটান স্পষ্ট দেখা যাবে।

সন্ধ্যার আকাশে শুক্র: অক্টোবরের শেষ দুই সপ্তাহে সূর্যাস্তের ঠিক পরপরই পশ্চিম আকাশে ঝলমলে আলো নিয়ে উদিত হবে শুক্র গ্রহ। গোধূলির আলো মেলাতেই পশ্চিম-দক্ষিণপশ্চিম দিগন্তে সবচেয়ে উজ্জ্বল বস্তু হিসেবে এটি চোখে পড়বে। সূর্যাস্তের পর এক থেকে দেড় ঘণ্টা পর্যন্ত শুক্র গ্রহ দিগন্তের কিছুটা ওপরে অবস্থান করবে। খালি চোখেই শুক্র দেখা যাবে। আর বৃহস্পতি প্রধানত গভীর রাতের জ্যোতিষ্ক। তবে অক্টোবরের শেষ সপ্তাহে রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যেই পূর্ব দিগন্তে অত্যন্ত উজ্জ্বলভাবে উদিত হতে শুরু করবে।

হান্টার্স মুন ও চাঁদের সংযোগ: অক্টোবরের শেষ পাক্ষিকে চাঁদ ধাপে ধাপে পূর্ণ অবয়বের দিকে এগিয়ে যাবে। আগামী ২৫ ও ২৬ অক্টোবরের রাতে আকাশে উঠবে বছরের ‘হান্টার্স মুন’ বা শিকারি পূর্ণিমা। এই রাতে চাঁদের তীব্র সোনালি-সাদা আলোয় পুরো আকাশ আলোকিত থাকবে। এ ছাড়া পূর্ণিমার ঠিক আগে ২৪ অক্টোবরের দিকে চাঁদ ও শনি গ্রহকে রাতের আকাশে একে অপরের বেশ কাছাকাছি অবস্থান করতে দেখা যাবে।

হেমন্তের নক্ষত্রমণ্ডল: অক্টোবরের শেষভাগে সন্ধ্যার আকাশে হেমন্তের বিখ্যাত নক্ষত্রমণ্ডলগুলোও প্রস্ফুটিত হয়। ১৮ থেকে ২০ অক্টোবরের দিকে আলোমুক্ত পরিবেশ থেকে দুরবিন দিয়ে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিকে আবছা আলোর মেঘের মতো প্রত্যক্ষ করা সম্ভব। সন্ধ্যার পর পূর্ব-উত্তরপূর্ব আকাশে কাল্পনিক ডানাওয়ালা ঘোড়ার আকৃতির পেগাসাস নক্ষত্রমণ্ডলের চারকোনা বিন্যাস স্পষ্টভাবে দৃশ্যমান হবে। এ ছাড়া উত্তর আকাশে ইংরেজি ‘ডব্লিউ’ অক্ষরের আকৃতি ধারণ করে উজ্জ্বলভাবে দেখা দেবে ক্যাসিওপিয়া নক্ষত্রমণ্ডল।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মহাকাশে প্রথম সবুজ নক্ষত্রের সন্ধান, গবেষণায় নতুন মোড়
শ্বেত বামন নক্ষত্র নিয়ে গবেষণা করতে গিয়ে মানুষের চোখে সবুজ দেখায়, এমন একটি নক্ষত্রের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
মহাকাশে প্রথম সবুজ নক্ষত্রের সন্ধান, গবেষণায় নতুন মোড়
মৃত নক্ষত্রের ছাই থেকে তৈরি হওয়া গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা
মৃত নক্ষত্রের ধ্বংসাবশেষ থেকে নতুন একটি গ্রহ তৈরি হয়েছে—এমন সম্ভাবনার প্রথম প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। মহাবিশ্বের বুকে নক্ষত্রের জন্ম ও মৃত্যুর চক্র অন্তহীন।
মৃত নক্ষত্রের ছাই থেকে তৈরি হওয়া গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা
মেয়ে সন্তান হলেই কি আয়ু বাড়ে বাবার? গবেষণায় মিলল চাঞ্চল্যকর তথ্য
সন্তান জন্মের পর বদলে যায় জীবনের অনেক হিসাব। বাড়ে দায়িত্ব, তৈরি হয় নতুন স্বপ্ন। তবে ছেলে না মেয়ে— সন্তানের লিঙ্গের সঙ্গে বাবার আয়ুর কোনো সম্পর্ক আছে কি? বিশেষ করে, কন্যাসন্তান হলে বাবার আয়ু বাড়ে— এমন ধারণার পেছনে কতটা বৈজ্ঞানিক সত্য রয়েছে?
মেয়ে সন্তান হলেই কি আয়ু বাড়ে বাবার? গবেষণায় মিলল চাঞ্চল্যকর তথ্য
প্রথমবার ৩ লাখ বছর আগের মানুষের মুখচ্ছবি উন্মোচন
প্রায় ৩ লাখ ১৫ হাজার বছর আগের এক আদি মানুষের মুখচ্ছবি পুনর্গঠন করেছেন গবেষকরা। তাদের মতে, আধুনিক পোশাক পরিয়ে ওই মানুষকে আজকের মানুষের ভিড়ে দাঁড় করালে প্রথম দেখায় আলাদা করে চেনা কঠিন হতো।
প্রথমবার ৩ লাখ বছর আগের মানুষের মুখচ্ছবি উন্মোচন
প্রথমবার সৌরজগতের বাইরের গ্রহ থেকে সরাসরি রেডিও সংকেত শনাক্ত
পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্বের এখনো কোনো প্রমাণ মেলেনি। তবে মহাবিশ্বে আমরা একা কিনা, তা জানতে বিজ্ঞানীদের অনুসন্ধান অব্যাহত রয়েছে। এবার সেই অনুসন্ধানে গুরুত্বপূর্ণ এক সাফল্য পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। প্রথমবারের মতো সৌরজগতের বাইরের একটি গ্রহ থেকে সরাসরি আসা রেডিও সংকেত শনাক্ত করেছেন তারা।
প্রথমবার সৌরজগতের বাইরের গ্রহ থেকে সরাসরি রেডিও সংকেত শনাক্ত
আরও পড়ুন
নতুন অধিনায়ক নাহিদাকে সাবেক ক্যাপ্টেনের বার্তা
বাংলাদেশের পর্যটনে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান
বাংলাদেশে বিনিয়োগের জন্য চার প্রতিষ্ঠানকে ৩৯০ কোটি টাকা দিচ্ছে কানাডা
মাঝ আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় নেমে রোগীর মৃত্যু