
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ঢাকার মার্কিন অ্যামবাসির উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেছেন, ‘আর কবে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষেধাজ্ঞার জন্য ঢাকার মার্কিন অ্যামবাসি কি তাদের পররাষ্ট্র দপ্তরকে অনুরোধ করবে? নাকি তারা স্বভাবসুলভ দ্বিচারিতা করবে!’
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।
পোস্টের সঙ্গে সজীব ওয়াজেদ জয় ‘রাজধানীতে পেট্রল বোমা ও ককটেলসহ ছাত্রদলের ২ কর্মী গ্রেপ্তার’ শীর্ষক একটি নিউজ লিংক শেয়ার করেছেন।
উল্লেখ্য, বিএনপির হরতাল-অবরোধের সময় ঢাকার বিভিন্ন জায়গায় নাশকতাকারীদের পেট্রোল বোমা ও ককটেল সরবরাহ করার অভিযোগে ছাত্রদলের দুই কর্মীকে গ্রেপ্তার করে র্যাব। তারা হলেন মো. নয়ন (২২) ও মো. আলামিন (২৩)। রাজধানীর কদমতলীর শ্যামপুর পালপাড়া মন্দির এলাকা থেকে মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করেন র্যাব সদস্যরা।
বুধবার র্যাব-১০ এক বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১৩টি ককটেল, ১৫টি পেট্রোল বোমা, গান পাউডার, কাচের গুঁড়া উদ্ধার করা হয়।




