
আমাদের পরস্পরের সম্পর্ক দৃঢ় করে উপহার আদান-প্রদান। রাসুল (সা.) নিজে উপহার গ্রহণ করেছেন এবং অন্যকেও উপহার প্রদানে উৎসাহিত করেছেন। জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী রাসুল (সা.)-এর এই সুন্নতটির ওপর আমল করতে উৎসাহিত করেছেন।
সোমবার (২৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ বিষয়ে উৎসাহিত করেন তিনি।
মিজানুর রহমান আজহারী বলেন, উপহার— দূরত্ব কমিয়ে ভালোবাসার বন্ধনকে সুদৃঢ় করে। প্রগাঢ় করে হৃদ্যতা। পরস্পর উপহার বিনিময়ের এই নববী সুন্নাহ ছড়িয়ে পড়ুক সর্বত্র।
পাশাপাশি তিনি রাসুল (সা.)-এর হাদিসের একটি বাণী উদ্ধৃত করেছেন। যেখানে বিখ্যাত সাহাবি আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (সা.) বলেছেন, তোমরা একে-অপরকে হাদিয়া (উপহার) দাও এবং ভালোবাসার বন্ধনে আবদ্ধ হও। (আল আদাবুল মুফরাদ, হাদিস : ৫৯৭)
মহানবী (সা.)-এর সুন্নতের অনুসরণ ও পরস্পরের সম্পর্ক সুন্দর করার উদ্দেশ্যে করা মিজানুর রহমান আজহারীর এই পোস্টে ৫৮ হাজারের বেশি ফলোয়ার প্রতিক্রিয়া জানিয়েছেন। কমেন্ট করেছেন তিন হাজারের বেশি অনুরাগী। শেয়ার করেছেন ১০ হাজারের বেশি মানুষ।
আরটিভি/এফএ




