
বিনোদন জগৎ থেকে নিজেকে সরিয়ে নেওয়া শিশুশিল্পী সিমরিন লুবাবা গণমাধ্যমের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন। অনুমতি ছাড়া তার পুরোনো ছবি বা ভিডিও ব্যবহার করে কোনো সংবাদ, প্রতিবেদন, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট কিংবা প্রচারণা না চালানোর আহ্বান জানিয়েছেন তিনি। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি জরুরি সতর্কবার্তা শিরোনামে দেওয়া এক পোস্টে এ অনুরোধ জানান লুবাবা।
পোস্টে তিনি জানান, ব্যক্তিগতভাবে ছবি বা ভিডিও প্রকাশে তিনি আগ্রহী নন। ধর্মীয় বিধান মেনে পর্দা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করে জীবনযাপন করতে চান। তাই তার অনুমতি ছাড়া পুরোনো ছবি ব্যবহার করে কোনো ধরনের সংবাদ বা প্রচারণা চালানো তার সম্মতির পরিপন্থী।
লুবাবা আরও জানান, তার অনুমতি ছাড়া কেউ ছবি ব্যবহার করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তার ব্যক্তিগত গোপনীয়তা ও ধর্মীয় সিদ্ধান্তের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান তিনি।
নিজের পোস্টের কমেন্ট বক্সে তিনি আরও লেখেন, ইসলামে পর্দা, শালীনতা ও নারীর সম্মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো নারীর অনিচ্ছা বা অনুমতি ছাড়া তার ছবি জনসম্মুখে প্রচার করা তার ব্যক্তিগত গোপনীয়তা ও অধিকারের প্রতি অসম্মান।
রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
«مَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ»
অর্থ: “যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন রাখে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবেন।”
— সহিহ মুসলিম: ২৬৯৯।

তাই অন্যের ব্যক্তিগত বিষয় ও সম্মান রক্ষা করুন। কারও ছবি বা ব্যক্তিগত বিষয় তার সম্মতি ছাড়া প্রচার করবেন না। মনে রাখবেন, আমাদের প্রতিটি কাজের জন্য একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।
আসুন, অন্যের সম্মান রক্ষা করি এবং নিজেরাও আল্লাহর কাছে জবাবদিহির ভয় রাখি।
উল্লেখ্য, নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে শিশুশিল্পী হিসেবে পরিচিতি পান সিমরিন লুবাবা। গত বছরের শেষ দিকে ধর্মীয় কারণে বিনোদন অঙ্গন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এরপর নেকাব পরিধান করে ইসলামি জীবনযাপনে মনোযোগী হন।
আরটিভি/জেএমএ




