
প্রশাসনে আওয়ামী লীগের গুপ্তদের রেখে সরকার ভালোভাবে দেশ চালাতে পারবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদ এর মুখপাত্র আবু হানিফ। রোববার (১৫ নভেম্বর) দুপুরে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
আবু হানিফ তার পোস্টে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ, পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহ এবং সরকারের বিরুদ্ধে বিদ্রোহে উস্কানি দেওয়ার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
গত কয়েকদিন আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগ ছিল আওয়ামী লীগের সাথে যোগাযোগ ও তথ্য পাচার। শুধু তারা নয়, প্রশাসনে থাকা আওয়ামিলীগের দোসররা নানা ভাবে পলাতক লীগকে সহযোগিতা করছে।
সচিবালয় থেকে শুরু করে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকা আওয়ামী লীগের গুপ্তরা রাষ্ট্রের স্পর্শকাতর তথ্য আওয়ামী লীগের কাছে পাচার করছে। প্রশাসনের সাথে যোগসাজশে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ মিছিল করছে। প্রশাসনে আওয়ামী লীগের গুপ্তদের রেখে সরকার ভালো ভাবে দেশ চালাতে পারবে না। এই পরিস্থিতিতে সরকারকে আরও কঠোর হতে হবে। প্রশাসনে থাকা আওয়ামী লীগের গুপ্তদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। তা না হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই স্বাভাবিক হবে না।
আরটিভি/এমএম


